এমপি আনার হত্যার পরিকল্পনাকারী শিমুলের জামিন

লেখক: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১ মাস আগে
ফাইল ছবি

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারকে অপহরণ, হত্যার পরিকল্পনা ও খুনের ঘটনার মামলায় আসামি শিমুল ভূঁইয়াকে জামিন দিয়েছেন হাইকোর্ট। তার আবেদনের শুনানি নিয়ে সোমবার (৮ জুন) হাইকোর্টের একটি বেঞ্চ তাকে অন্তর্বর্তীকালীন জামিন দেন। একইসঙ্গে তার জামিনের বিষয়ে রুলও জারি করেছেন আদালত।

২০২৪ সালের ১৩ মে তৎকালীন সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারকে কলকাতার নিউ টাউন এলাকার একটি ফ্ল্যাটে খুন করে টুকরো টুকরো করা হয়। এ ঘটনায় একই বছরের ২২ মে ঢাকার শেরেবাংলা নগর থানায় মামলা করেন আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন। এ মামলায় ১৬৪ ধারায় ২০২৪ সালের ৫ জুন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন এক সময়কার চরমপন্থি নেতা আমানুল্লা সাঈদ ওরফে শিমুল ভূঁইয়া ওরফে শিহাব ওরফে ফজল মোহাম্মদ ভূঁইয়া। পরে শিমুল ভূঁইয়াকে কারাগারে পাঠানো হয়।

আনার হত্যার পরে ভারতীয় পুলিশের দেওয়া তথ্যে দেশে তিনজনকে পুলিশ গ্রেফতার করেছে। এই তিনজন হলেন আমানুল্লা সাঈদ ওরফে শিমুল ভূঁইয়া ওরফে শিহাব ওরফে ফজল মোহাম্মদ ভুঁইয়া, তানভীর ভুঁইয়া ও সেলেস্টি রহমান। আনার হত্যার ঘটনায় তার মেয়ের মামলায় ওই তিনজনকে গ্রেফতার করে ২০২৪ সালের ২৪ মে আদালতে হাজির করা হয়।

  • এমপি আনার
  • জামিন
  • পরিকল্পনাকারী
  • শিমুল
  • হত্যা