গাজীপুরের শ্রীপুর পৌরসভার সাবেক মেয়র ও গাজীপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. আনিছুর রহমানকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। একই দিনে বড় ভাইয়ের মৃত্যুসংবাদ শুনে মারা যাওয়া তার ছোট বোন রাশিদা আক্তারকেও পাশাপাশি দাফন করা হয়।
সোমবার বেলা সাড়ে ১১টার দিকে শ্রীপুর উপজেলার মাধখলা গ্রামের পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের কবরের পাশে ভাই-বোনের দাফন সম্পন্ন হয়। এর আগে মাধখলা গ্রামের বাড়ির আঙিনায় আনিছুর রহমানের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় স্থানীয় রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি, বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধি এবং বিপুলসংখ্যক মানুষ অংশ নেন।
পরিবার ও স্বজনদের সূত্রে জানা যায়, রোববার দুপুরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আনিছুর রহমান মারা যান। তার মৃত্যুসংবাদ পাওয়ার পর ছোট বোন রাশিদা আক্তার অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে মাওনা চৌরাস্তার একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আনিছুর রহমান ছাত্রজীবনে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। ১৯৯১ সালে তিনি শ্রীপুর বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র সংসদের ভিপি নির্বাচিত হন। ২০০২ সালে শ্রীপুর পৌরসভা প্রতিষ্ঠার পর প্রথম মেয়র হিসেবে নির্বাচিত হন আনিছুর রহমান। এরপর টানা প্রায় দুই দশক পৌরসভার মেয়রের দায়িত্ব পালন করেন।
