সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিচার চেয়ে মানববন্ধন করেছেন ঢাকার আইনজীবীরা। মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের সামনে দুপুর ১২টার দিকে তারা মানববন্ধন করেছেন।
অন্তর্বর্তী সরকারের আমলে কারাগারে থাকা ৬১ জন আইনজীবী তাঁদের কারামুক্তি দিবস উপলক্ষে বিচার চেয়ে এই মানববন্ধন করেন। বিভিন্ন স্লোগান-সংবলিত ব্যানার নিয়ে মানববন্ধন করা হয়। এ সময় আইনজীবীরা ‘ইউনূসের বিচার চাই’ বলে স্লোগান দেন।
ড. ইউনূসের শাসনামলে একটি হত্যার চেষ্টা মামলায় একসঙ্গে আওয়ামীপন্থী ৬১ জন আইনজীবী আদালতে আত্মসমর্পণ করেন। এরপর তাদের কারাগারে পাঠানো হয়েছিল।
মানববন্ধনে কারামুক্ত আইনজীবী মাহফুজুর রহমান লিখন বক্তব্য দিয়েছেন। বক্তব্যে তিনি আওয়ামীপন্থি আইনজীবীদের নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়া, বিভিন্ন আদালতে মামলা পরিচালনা করতে না দেওয়ার অভিযোগ তুলে তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বিগত অন্তর্বর্তী সরকারের সময় কারাগারে থাকা আইনজীবীদের মামলা প্রত্যাহারেরও দাবি জানান। মানববন্ধনে কারামুক্ত আইনজীবীদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ওবায়দুল ইসলাম, লিটন মিয়া, তৌহিদ, শামীম আল সোহাগ সাইফুল প্রমুখ।
