প্রতীকী ছবি
ময়মনসিংহের হালুয়াঘাটে হেলাল (৩০) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। সোমবার বিকেল ৪টার দিকে পৌর শহরের গরু বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হেলাল উপজেলার পূর্ব কাচারিপাড়া গ্রামের আলী হোসেনের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিকেলে হেলাল গরু বাজার এলাকায় বন্ধু শরিফুলের বাড়িতে কয়েকজন বন্ধুর সঙ্গে আড্ডা দিচ্ছিলেন। এ সময় একপর্যায়ে শরিফুলের সঙ্গে হেলালের বাকবিতণ্ডা হয়। পরে শরিফুলের নেতৃত্বে হেলালকে ছুরিকাঘাত করা হয় বলে অভিযোগ ওঠে। এতে তিনি গুরুতর আহত হন। আহত অবস্থায় স্থানীয়রা হেলালকে উদ্ধার করে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের বোন মুর্শিদা বলেন, স্থানীয় মিজানের বাড়িতে আমার ভাইসহ কয়েকজন নেশা করছিল। তর্কের একপর্যায়ে শরিফুল ও কয়েকজন আমার ভাইকে হত্যা করে পালিয়ে যায়।
এ বিষয়ে হালুয়াঘাট-ধোবাউড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।
