নিখোঁজের ৫ দিন পর ইজি বাইকচালকের মরদেহ উদ্ধার, গ্রেপ্তার ২

লেখক: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১ মাস আগে

গোপালগঞ্জের মুকসুদপুরে নিখোঁজ হওয়ার পাঁচ দিন পর ইজি বাইকচালক শহিদুল ইসলামের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে মুকসুদপুর থানা পুলিশ। বুধবার (১০ জুন) বিকেলে পার্শ্ববর্তী রাজৈর উপজেলার পান্থাপাড়া এলাকার একটি সড়কের পাশের ঝোপঝাড় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত শহিদুল ইসলাম মুকসুদপুর উপজেলার কমলাপুর গ্রামের মৃত আব্দুস সালাম মাতুব্বরের ছেলে।

এ ঘটনায় হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে কমলাপুর গ্রামের আবু শেখের ছেলে নুর হোসেন এবং কাশেম শেখের ছেলে পলাশ শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিহতের ভাই শাহিদুল মাতুব্বর জানান, গত শনিবার (৬ জুন) সকালে তার ভাই শহিদুল ইসলাম ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর তিনি আর বাড়ি ফিরে আসেননি।

পরদিন মুকসুদপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরে তারা জানতে পারেন, নুর হোসেন ও পলাশ শেখ সঙ্গে নিয়ে গিয়েছিল। তাদের অভিযোগ, ইজিবাইক ছিনতাই করে শহিদুলকে হত্যা করা হয়েছে।

মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, নিখোঁজের জিডি হওয়ার পর দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়।জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

  • উদ্ধার
  • গোপালগঞ্জ
  • গ্রেপ্তার
  • মরদেহ
  • মুকসুদপুর