আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

লেখক: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৫ ঘন্টা আগে

ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় অবহেলার দায়ে রাজধানীর মগবাজারে আদ্-দ্বীন হাসপাতালের নিবন্ধন বাতিল করেছে স্বাস্থ্য অধিদপ্তর। বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালক আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৭ মে আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের আকস্মিক মৃত্যুর ঘটনার প্রেক্ষিতে দ্য মেডিকেল প্রাক্টিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিক অ্যান্ড ল্যাবরেটরিজ (রেজুলেশন) অর্ডিন্যান্স-১৯৮২ এর ১১ (১) ধারা অনুযায়ী গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের প্রেক্ষিতে আপনার প্রতিষ্ঠানটির নিবন্ধন বাতিল করা হলো।

বিজ্ঞপ্তিতে একই অধ্যাদেশের ১২ ধারা অনুযায়ী নিবন্ধন বাতিলের পরবর্তী ৩০ দিনের মধ্যে আদেশের বিরুদ্ধে সরকারের কাছে আপিল বা পুনর্বিবেচনার সুযোগ রয়েছে বলেও এতে উল্লেখ করা হয়।

এদিকে বৃহস্পতিবার বিকেলে এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস বলেন, ছয় শিশুর মৃত্যুর ঘটনায় সরেজমিনে দেখেই অবহেলার বিষয়টি স্পষ্ট হওয়ায় ব্যবস্থা নেওয়া হয়েছে। আদ্-দ্বীন কর্তৃপক্ষ যে ব্যাখ্যা দিয়েছে তা সন্তোষজনক হয়নি আমাদের কাছে। তবে আদ্-দ্বীন কর্তৃপক্ষ কারণ দর্শানোর ব্যাখ্যায় কী বলেছে, সে ব্যাপারে জানতে চাইলে কিছু বলতে রাজি হননি মহাপরিচালক।

এর আগে এ ঘটনার স্বাস্থ্য অধিদপ্তর থেকে কারণ দর্শানোর নোটিশ দিলে সময় বৃদ্ধির আবেদন জানানো হয়। দুদিন সময় বাড়ানোও হয়। এর মধ্যে ভুক্তভোগী ছয় পরিবারকে ৮০ লাখ টাকা করে ক্ষতিপূরণ, আজীবন বিনামূল্যে চিকিৎসা এবং পরিবারের অন্তত একজনকে চাকরির প্রতিশ্রুতি দেয় আদ্-দ্বীন কর্তৃপক্ষ। তবে শেষ পর্যন্ত রক্ষা হয়নি। প্রতিষ্ঠানটির নিবন্ধন বাতিলের সিদ্ধান্তে অটুট থাকে সরকার।

  • আদ্-দ্বীন হাসপাতাল
  • বাতিল
  • লাইসেন্স