বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটার নাঈম হাসানকে সিএনজিচালিত অটোরিকশা থেকে নামিয়ে নির্যাতনের ঘটনায় খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমানকে প্রত্যাহার করা হয়েছে। শনিবার (১৩ জুন) দিবাগত রাতে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী স্বাক্ষরিত এক আদেশে এ বিষয়টি জানা যায়।
একই আদেশে বাকলিয়া থানার ওসি মোহাম্মদ সোলাইমানকে খুলশী থানার ওসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বাকলিয়া থানার ওসি করা হয়েছে সিএমপির বিশেষ শাখার পরিদর্শক জাহিদুল কবিরকে।
সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী বলেন, তদন্ত কমিটি কাজ করছে। এক ঘটনায় যাদের সম্পৃক্ততা পাওয়া যাবে তার বিরুদ্ধেই আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
এর আগে পুলিশের উপপরিদর্শক শফিকুল ইসলাম, সদস্য রাসেল চৌধুরীকে খুলশী থানা থেকে প্রত্যাহার করে সিএমপির লাইনে সংযুক্ত করা হয়। ডিবি পরিচয় দিয়ে নাঈমকে আঘাত করা সোহেলকে সিএমপি কমিশনারের নির্দেশে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে পুলিশ। সোহেল ওসি আরিফের সোর্স হিসেবে কাজ করত বলে কথিত আছে। শফিকুল (এসআই) তিনজনকে নগরের খুলশী থানা থেকে প্রত্যাহার (ক্লোজড) করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।
এ ঘটনায় নাঈমের ভাই কামরুল হাসান বাদী হয়ে থানায় মামলা করেন। মামলায় এসআই শফিকুল, পুলিশ সদস্য রাসেল ও সোর্স সোহেলকে আসামি করা হয়। অপরদিকে শফিকুল ও রাসেলের বিরুদ্ধে পুলিশে বিভাগীয় মামলা দায়ের হয়েছে।
