মিরপুরে গন্ধ ছড়ানোর পর বন্ধ বাসায় মিলল তরুণীর লাশ

লেখক: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১ সপ্তাহ আগে
প্রতীকী ছবি

রাজধানীর মিরপুরের কাজীপাড়ায় বাসার দরজা ভেঙে এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিস। আজ মঙ্গলবার বেলা আড়াইটার দিকে কাজীপাড়া মেট্রো স্টেশনের পাশের একটি ভবনের সাততলার বাসা থেকে মোসা. রাবেয়া ওরফে জেনি খান নামে ২৪ বছর বয়সী ওই তরুণীর লাশ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন।

সাজ্জাদ হোসেন বলেন, বাসা থেকে দুর্গন্ধ পেয়ে বাড়ির মালিক পুলিশকে খবর দেয়। পুলিশ ও ফায়ার সার্ভিস গিয়ে দরজা ভেঙে শয়নকক্ষ থেকে তরুণীর লাশ উদ্ধার করে।

পুলিশ জানায়, গত এপ্রিলে আশিকুজ্জামান মুন্না নামে এক যুবকের সঙ্গে স্বামী-স্ত্রী পরিচয়ে ওই বাসা ভাড়া নেন তাঁরা। গত রোববার মুন্না বাসা থেকে বেরিয়ে আর ফিরে আসেননি।

ওসি সাজ্জাদ হোসেন বলেন, আমরা তাদের বিষয়ে বিস্তারিত খোঁজ করছি। মুন্না পলাতক রয়েছেন। তিনি ফোন বাসায় রেখেই চলে গেছেন। তাঁকে খুঁজে পেলে বিষয়টি স্পষ্ট হওয়া যাবে।

নিহত জেনি খানের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

  • তরুণী
  • মিরপুর
  • লাশ