প্রতীকী ছবি
রাজধানীর বাড্ডার সাঁতারকুল এলাকার একটি খাল থেকে অজ্ঞাতনামা এক যুবকের পচাগলা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আনুমানিক ২৫ বছর বয়সী ওই যুবকের পরিচয় এখনো জানা যায়নি। দীর্ঘ সময় পানিতে থাকায় মরদেহটি বিকৃত হয়ে গেছে বলে পুলিশ জানিয়েছে।
বুধবার দুপুরে ময়নাতদন্তের জন্য লাশটি ঢাকা মেডিক্যাল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার (১৬ জুন) দুপুরে সাঁতারকুলের ইয়াসিন নগর এলাকার একটি খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
বাড্ডা থানা-পুলিশ জানায়, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে বাড্ডা থানার ৪২ নম্বর ওয়ার্ডের ইয়াসিন নগর খালের পানিতে কচুরিপানার মধ্যে এক যুবকের মরদেহ ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। আজ আইনি প্রক্রিয়া শেষে দুপুরে তা ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়।
বাড্ডা থানার উপপরিদর্শক মাহবুবুল আলম বলেন, উদ্ধার হওয়া লাশটি বেশ কয়েক দিন আগের। অতিরিক্ত পচে যাওয়ার কারণে প্রাথমিকভাবে নিহতের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। ফিঙ্গারপ্রিন্ট ও প্রযুক্তির সহায়তায় তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মৃত্যুর কারণ সম্পর্কে জানতে চাইলে এসআই মাহবুবুল আলম বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
