ভারতের বহুতল ভবনে আগুন, ১৫ শিক্ষার্থীর মৃত্যু

লেখক: বিশ্বপরিস্তিতি ডেস্ক
প্রকাশ: ৩ দিন আগে
ছবি: সংগৃহীত

ভারতের উত্তর প্রদেশের লক্ষ্ণৌতে একটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৫ জন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ সোমবার বিকেল ৩টা নাগাদ আলীগঞ্জ এলাকার পুরানিয়া বাজারের কাছে ঊষা মেহতা মার্গের একটি তিনতলা ভবনে হঠাৎ আগুন লাগে। মুহূর্তের মধ্যে কালো ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। খবর ইন্ডিয়া টুডের।

কর্তৃপক্ষ জানিয়েছে, ভবনটির নিচতলায় একটি পেটের দোকান (পোষা প্রাণীর দোকান) ও ক্লিনিক ছিল। আর ওপরের তলাগুলোতে ছিল গেমিং এবং অ্যানিমেশন ট্রেনিং সেন্টার, যেখানে শিক্ষার্থীরা সফটওয়্যার ডেভেলপমেন্টের কাজ শিখত।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভবনের শর্ট সার্কিট থেকেই এই ভয়াবহ আগুনের সূত্রপাত হয়েছে। নিহত শিক্ষার্থীদের বয়স ২০ থেকে ২৪ বছরের মধ্যে। উত্তর প্রদেশের উপ-মুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক জানিয়েছেন, আগুন লাগার পর আতঙ্কিত শিক্ষার্থীরা বাঁচার জন্য ভবনের পেছনের দিকে ছুটে যায়, কিন্তু দুর্ভাগ্যবশত তারা আর বের হতে পারেনি।

উদ্ধার হওয়া কয়েকজন শিক্ষার্থী জানায়, অনেকেই বাথরুমের ভেতরে আটকা পড়েছিল। একজন স্বজন জানান, তাঁর ছোট ভাই ভেতর থেকে ফোন করে বলেছিল, ‘ভাইয়া,৫-৬ জন বাথরুমের ভেতরে লক হয়ে আছি।’ এরপর থেকে তাঁর আর কোনো খোঁজ মেলেনি।

আগুন ও ধোঁয়ার হাত থেকে বাঁচতে ৭-৮ জন শিক্ষার্থী ওপর তলা থেকে নিচে লাফিয়ে পড়ে। লক্ষ্ণৌয়ের কেজিএমইউ ট্রমা সেন্টারের মেডিকেল সুপারিনটেনডেন্ট ড. অমিয় আগরওয়াল জানান, হাসপাতালে মোট ২১-২২ জনকে আনা হয়েছিল, যার মধ্যে ১৫ জনকে মৃত অবস্থায় আনা হয়। চিকিৎসাধীন আহতদের মধ্যে দুজনের পিঠে গুরুতর আঘাত রয়েছে, যারা মূলত ভবন থেকে লাফ দিয়েছিলেন।

আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ১৪টি গাড়ি এবং একটি হাইড্রোলিক প্ল্যাটফর্ম যান মোতায়েন করা হয়। ফায়ার সার্ভিস, পুলিশ, এনডিআরএফ ও এসডিআরএফ কর্মীরা যৌথভাবে উদ্ধার কাজ শুরু করেন।

  • আগুন
  • বহুতল
  • ভবন
  • ভারত
  • মৃত্যু
  • শিক্ষার্থী