ময়মনসিংহে আবারও শিশু ধর্ষণের অভিযোগ, ইমাম আটক

লেখক: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৩ দিন আগে

ময়মনসিংহের ত্রিশালে তিনদিনের ব্যবধানে আবারও এক দশ বছর বয়সী শিশু ধর্ষণের অভিযোগে ইমামকে আটক করা হয়েছে। সোমবার (২২ জুন) রাতে উপজেলার বালিপাড়া ইউনিয়নের দক্ষিণ বালিপাড়া পাঁচ রাস্তার মোড় এলাকার খালেক মন্ডল জামে মসজিদ থেকে তাকে আটক করে এলাকাবাসী পুলিশের কাছে সোপর্দ করে।

আটক ব্যক্তি ওই মসজিদের ইমাম মো. ইব্রাহিম। তার বাড়ি উপজেলার হরিরামপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের হরিরামপুর বাজার এলাকায়।

স্থানীয়দের দাবি, আটকের পর উপস্থিত লোকজনের প্রশ্নের মুখে অভিযুক্ত ব্যক্তি অভিযোগের বিষয়ে স্বীকারোক্তি মূলক বক্তব্য দেন। যা সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায় অভিযুক্ত ইমাম ঐ শিশুকে একদিন ধর্ষণের কথা স্বীকার করেছে।

এ বিষয়ে ত্রিশাল থানার এসআই নাহিদ পারভেজ বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযোগের পর স্থানীয় লোকজন অভিযুক্ত ইমামকে আটক করে আমাদের থানা পুলিশকে খবর দেয়। পরে আমরা ঘটনাস্থলে গিয়ে তাকে থানা হেফাজতে নিয়ে এসেছি। ঘটনার বিষয়ে তদন্ত চলছে। বিস্তারিত পরে জানানো হবে।

এর আগে গত ২০ জুন উপজেলার চিকনা মনোহর গ্রামে পাঁচ বছর বয়সী এক কন্যাশিশুকে ধর্ষণের অভিযোগে আরেক মসজিদের ইমাম মাওলানা শাহিনুর ইসলামকে আটক করে পুলিশ। ওই ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে মামলা দায়ের করেন।

  • অভিযোগ
  • আটক
  • ইমাম
  • ধর্ষণ
  • ময়মনসিংহ
  • শিশু