ছবি: সংগৃহীত
চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ১১ মাসে (জুলাই-মে) উন্নয়ন বরাদ্দ বা বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়ন হয়েছে মাত্র ৪৮ দশমিক ২৩ শতাংশ, যা গেল ১৬ বছরের একই সময়ের হিসেবে সর্বনিম্ন। বৃহস্পতিবার এডিপি বাস্তবায়নের হালনাগাদ তথ্য প্রকাশ করেছে পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি)। সংস্থাটির প্রকাশিত সূত্রে এসব তথ্য জানা যায়।
আইএমএডির তথ্য অনুসারে, চলতি অর্থবছরে ১ হাজার ৩৫৯টি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে এডিপি বরাদ্দ ছিল ২ লাখ ৮ হাজার ৯৩৫ কোটি টাকা। জুলাই-মে সময়ে খরচ হয়েছে ১ লাখ ৭৬৯ কোটি টাকা। টাকার অঙ্ক ও বাস্তবায়ন হার—উভয় দিক বিবেচনা করলেও গত ছয় অর্থবছরের মধ্যে সর্বনিম্ন।
আইএমইডি তথ্যনুসারে, গত ১৬ বছরের মধ্যে এবারই সবচেয়ে কম বাস্তবায়ন হার। এ সময়ে প্রতিবছর গড়ে ৬৫ থেকে ৭০ শতাংশ এডিপি বাস্তবায়ন হয়। এবার তা ৫০ শতাংশের কম হলো।
প্রকল্প বাস্তবায়নে সবচেয়ে পিছিয়ে রয়েছে বাণিজ্য, স্বাস্থ্য, পরিবেশ মন্ত্রণালয়। এর মধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুই বিভাগ স্বাস্থ্য সেবা এবং স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ যথাক্রমে ২৫ দশমিক ৮৯ শতাংশ ও ২২ দশমিক ৫০ শতাংশ বাস্তবায়ন করেছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ২০ দশমিক ৪৫ শতাংশ, বাণিজ্য মন্ত্রণালয় ১৭ দশমিক ৮৭ শতাংশ, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ১২ দশমিক ২৩ শতাংশ বাস্তবায়ন করেছে।
অন্যদিকে সবচেয়ে বেশি বাস্তবায়ন করেছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়। রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের দায়িত্বে থাকা মন্ত্রণালয়টি ১১ মাসে ৮৩ দশমিক ৩৩ শতাংশ বাস্তবায়ন করেছে। এছাড়া মন্ত্রী পরিষদ ৮২ দশমিক ৫৩ শতাংশ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ ৭৯ দশমিক ৪৮ শতাংশ, মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয় ৭২ দশমিক ৫০ শতাংশ এবং খাদ্য মন্ত্রণালয় বাস্তবায়ন করেছে ৬৮ দশমিক ৪১ শতাংশ।
