লক্ষ্মীপুরে মা ও তিন মেয়েকে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে ঘাতক নিহত

লেখক: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৯ ঘন্টা আগে

লক্ষ্মীপুরের রায়পুরে এক মা ও তার তিন মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন পরিবারের আরও এক সদস্য। পরে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এক যুবককে গণপিটুনি দিলে হাসপাতালে তার মৃত্যু হয়।  বৃহস্পতিবার রায়পুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের গোডাউন রোড এলাকার একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন মা শাহিনুর বেগম (৩৮), তার বড় মেয়ে সায়মা আক্তার (২১), মেজো মেয়ে ইকরা আক্তার (১৭) ও ছোট মেয়ে শিফা আক্তার (৯)। এছাড়া গণপিটুনিতে অভিযুক্ত ঘাতক অন্তর মজুমদারও মারা গেছেন। নোয়াখালীর সুবর্ণচর এলাকার কার্তিক মজুমদারের ছেলে। মরদেহ রায়পুর ও লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

ঘটনার পর উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে ইটপাটকেলের আঘাতে পুলিশের অন্তত ছয় থেকে সাতজন সদস্য আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত শাহীনুর বেগমের মূল বাড়ি কুমিল্লা জেলায়। কয়েক বছর আগে তার স্বামী মো. কামাল বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাওয়ার পর থেকে তিনি তিন মেয়ে ও এক ছেলেকে নিয়ে রায়পুরের ওই বাসায় ভাড়া থাকতেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে ঘাতক যুবক আচমকা ঘরে ঢুকে মা ও তিন মেয়েকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই মা শাহিনুর ও ছোট মেয়ে শিফা মারা যান। পরে হাসপাতালে নেওয়ার পর বড় মেয়ে সায়মাকেও মৃত ঘোষণা করেন চিকিৎসক।

এদিকে হত্যাকাণ্ডের পর পালিয়ে যাওয়ার সময় স্থানীয় বাসিন্দারা ঘাতক যুবক অন্তর মজুমদারকে ধরে গণপিটুনি দেয়। গুরুতর আহত অবস্থায় পুলিশ তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

রায়পুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বাহারুল আলম বলেন, হাসপাতালে ৫ জনকে আহত অবস্থায় আনা হয়েছে। এর মধ্যে দুই মেয়ে ও তাদের মা মারা গেছেন। তার এক মেয়েকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ করা হয়। পরে সেও মারা যায়। এছাড়া অভিযুক্ত একজনকে গণপিটুনি দিয়ে আহত করা হয়। তার মাথায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। সদর হাসপাতালে সেও মারা গেছে।

এ বিষয়ে লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার (এসপি) আবু তারেক বলেন, মা-মেয়েসহ চারজন নিহত হয়েছে। ঘটনার মূল কারণ এবং এর সঙ্গে অন্য কেউ জড়িত কি না তা উদঘাটনে পুলিশের তদন্ত শুরু হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

  • গণপিটুনি
  • ঘাতক
  • নিহত
  • মা
  • মেয়ে
  • হত্যা