ছবি: সংগৃহীত
ভেনেজুয়েলায় আঘাত হানা দুটি শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৬৪ জন নিহত এবং ৯৭১ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ। একই সঙ্গে নিখোঁজ মানুষের সংখ্যা অন্তত ১১ হাজারে পৌঁছেছে বলে জানা গেছে।
সর্বশেষ এই পরিসংখ্যান আগের ঘোষিত ৩২ জন নিহত ও ৭০০ জন আহতের সংখ্যার তুলনায় অনেক বেশি। উদ্ধার অভিযান অব্যাহত থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ।
৭.২ ও ৭.৫ মাত্রার ভূমিকম্প দুটি গত এক শতাব্দীরও বেশি সময়ের মধ্যে ভেনেজুয়ায় আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পগুলোর অন্যতম।
রাজধানী কারাকাসসহ বিভিন্ন এলাকায় ধসে পড়েছে অসংখ্য ভবন। শহরের বিভিন্ন স্থানে বহুতল ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কিছু ভবন ধসে পড়েছে। অনেক এলাকায় বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ বন্ধ হয়ে গেছে।
ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া মানুষের আর্তনাদ উদ্ধারকর্মীদের সামনে পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। স্বরাষ্ট্রমন্ত্রী জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে ঝুঁকিপূর্ণ ভবন দ্রুত ত্যাগ করার নির্দেশ দিয়েছেন।
