প্রতীকী ছবি
বরিশালের হিজলার বড়জালিয়া ইউনিয়নের বাউশিয়া চৌমুহনী এলাকা সংলগ্ন মেঘনা নদী থেকে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে হিজলা নৌ-পুলিশ সদস্যরা।
শনিবার (২৭ জুন) বেলা ১১টার দিকে স্থানীয়রা বড়জালিয়া ইউনিয়নের বাউশিয়া ৯ নম্বর ওয়ার্ডের চৌমুহনী এলাকা সংলগ্ন মেঘনা নদীর তীরে মরদেহটি ভাসতে দেখে নৌ-পুলিশকে খবর দেন। খবর পেয়ে হিজলা নৌ-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
বিষয়টি নিশ্চিত করে বিকেল সাড়ে ৪টার দিকে হিজলা নৌ-পুলিশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌতম চন্দ্র মণ্ডল জানান, এখনো নিহতের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরিচয় শনাক্তের জন্য পাশ্ববর্তী থানাগুলোতে নিহতের ছবিসহ বার্তা পাঠানো হয়েছে।
তিনি জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
