চাঁদপুরের কচুয়ায় বৃদ্ধাকে খুন

লেখক: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১১ ঘন্টা আগে
প্রতীকী ছবি

চাঁদপুরের কচুয়ায় গভীর রাতে সিঁধ কেটে ঘরে ঢুকে চুরি করতে গিয়ে বাধা পাওয়ায় এক বৃদ্ধাকে নির্মমভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (২৯ জুন) ভোরে উপজেলার ২ নম্বর বেরকোটা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বেরকোটা গ্রামের মিয়াজী বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত ফাতেমা বেগম (৭৫) ওই এলাকার মৃত সাদেক মিয়াজীর স্ত্রী।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার রাত সাড়ে ৯টা থেকে সোমবার ভোর ৪টার মধ্যে কোনো এক সময়ে চোরচক্রটি কৌশলে বসতঘরের দেয়াল কেটে (সিঁধ কেটে) ভেতরে প্রবেশ করে। মালামাল লুট করার সময় বৃদ্ধা ফাতেমা বেগম বিষয়টি টের পেয়ে বাধা দেওয়ার চেষ্টা করেন। এ সময় ক্ষিপ্ত হয়ে চোরেরা বৃদ্ধার থুতনি ও নাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করে। গুরুতর জখম ও অতিরিক্ত রক্তক্ষরণের ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার খবর পেয়ে কচুয়া থানা-পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ বিষয়ে কচুয়া থানার উপপরিদর্শক (এসআই) সাজ্জাদ হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চুরির উদ্দেশ্যে বাড়িতে ঢুকে অপরাধীরা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছি। অপরাধীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

  • খুন
  • চাঁদপুর কচুয়া
  • বৃদ্ধা