রাজধানীতে মাদরাসায় শিশু শিক্ষার্থীর লাশ, হত্যা সন্দেহে চলছে তদন্ত

লেখক: যথাসময় ডেস্ক
প্রকাশ: ২১ ঘন্টা আগে
প্রতীকী ছবি

রাজধানীর হাতিঝিল থানার মহানগর প্রজেক্ট এলাকায় এক শিশু মাদরাসা শিক্ষার্থীর লাশ উদ্ধার হয়েছে। তাকে হত্যা করা হেয়েছে, নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে, তা তদন্ত করছে পুলিশ। নিহত শিক্ষার্থীর নাম, তাহমিদুল ইসলাম (১০)। গলায় ফাঁস লাগানো অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ।

ওই শিক্ষার্থী আল-ফুরকান মসজিদ মাদরাসার শিক্ষার্থী ছিল। সে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার কাজীপুর গ্রামের মো. শাহিন রেজার ছেলে।

ঘটনাস্থল পরিদর্শনকারী হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) সুমন মিয়া বলেন, রামপুরা ডিআইটি রোডের বেটার লাইফ হসপিটালের জরুরি বিভাগ থেকে গত শনিবার দিবাগত রাত পৌনে ২টার দিকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।

তার আগে মাদরাসার ভেতরে জানালার গ্রিলের সঙ্গে গামছা দিয়ে ফাঁস লাগানো অবস্থায় শিশুকে উদ্ধার করে সহপাঠীরাসহ অন্যান্যরা রামপুরা ডিআইটি রোডের বেটার লাইফ হসপিটালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য শিশুটির লাশ রবিবার ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে রাখা হয়।

নিহত শিশুর বাবা শাহিন রেজা পুলিশকে জানিয়েছেন, হাতিরঝিল থানাধীন মহানগর প্রজেক্ট আল ফুরকান মসজিদ মাদরাসায় থাকত তাহমিদুল। তার ছেলে কীভাবে মারা যায়, তাকে মাদরাসায় নির্যাতন করা হতো কিনা, তাকে হত্যা করা হয়েছে কিনা তার তদন্ত করে সঠিক ব্যবস্থা চান তিনি।

পুলিশ বলছে, শিশুটির এভাবে মৃত্যুর পেছনে নানা সন্দেহ রয়েছে। তার মৃত্যুর কারণ নিয়ে সন্দেহ থাকার যথেষ্ট অবকাশ রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

  • মাদরাসা
  • রাজধানীত
  • লাশ
  • শিশু