প্রতীকী ছবি
সিলেটের পূর্ব জাফলংয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় তিন সহপাঠীর মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে একজন এবং পরে সিলেট নগরের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়। রোববার (৫ জুলাই) বেলা ১টার দিকে গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের রাধানগর-বাউরভাগ চা-বাগান সড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত তিন সহপাঠী হলেন গোয়াইনঘাট উপজেলার নয়াবস্তি এলাকার মহরম মিয়ার ছেলে সাকিব (১৬), ছৈলাখেল ৮ম খণ্ড এলাকার হবি মিয়ার ছেলে রায়হান (১৬) এবং লাখেরপাড় এলাকার রাজ্জাকের ছেলে জয় (১৬)। তারা তিনজনই জাফলং আমির মিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল।
পুলিশ জানায়, রোববার দুপুরের দিকে মোটরসাইকেলযোগে তিন কিশোর রাধানগর বাউরভাগ চা-বাগান সড়ক দিয়ে রাধানগর বাজারের দিকে যাচ্ছিল। পথে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছের সঙ্গে জোরে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই সাকিব নিহত হয়। গুরুতর আহত রায়হান ও জয়কে উদ্ধার করে প্রথমে সিলেটের নুরজাহান হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৭টার দিকে রায়হানের মৃত্যু হয়।
এদিকে উন্নত চিকিৎসার জন্য জয়কে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত ৯টার দিকে সেও মারা যায়।
ওসি মো. ওমর ফারুক বলেন, মরদেহগুলো ময়না তদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে সোমবার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
