প্রতীকী ছবি
কক্সবাজার সমুদ্রসৈকতের সুগন্ধা পয়েন্টে ভেসে আসা মাথা ও পাবিহীন একটি অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৯ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে সুগন্ধা পয়েন্টে লাশটি ভেসে আসে। বিষয়টি প্রথমে সৈকতে দায়িত্ব পালনরত বিচকর্মীদের নজরে আসে। এ সময় পানিতে ভেসে থাকা অর্ধগলিত মরদেহটি তাদের চোখে পড়ে। পরে পুলিশকে জানানো হয়।
কক্সবাজার সদর মডেল থানার পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠান।
পুলিশ জানায়, লাশটির মাথা ও শরীরের নিচের অংশ নেই। দীর্ঘ সময় পানিতে থাকার কারণে শরীরের অধিকাংশ অংশ পচে গেছে। ফলে তাৎক্ষণিকভাবে এটি নারী নাকি পুরুষের মরদেহ, তা শনাক্ত করা সম্ভব হয়নি।
এ বিষয়ে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী বলেন, লাশটির পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলমান রয়েছে।
