প্রতীকী ছবি
কুষ্টিয়ায় পূর্ব বিরোধের জেরে ফারুক হোসেন এবং আবুল শেখ নামের দুই ব্যক্তিকে কুপিয়ে এবং পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। হামলায় মুল্লুক মণ্ডল নামের আরও একজন গুরুত্বর আহত হয়েছেন। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গতকাল শুক্রবার দিবাগত রাত ১টার দিকে জেলার খোকসা উপজেলার ওসমানপুর ইউনিয়নের দেবীনগর ব্রিক ফিল্ড এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত ফারুক হোসেন (৪০) দেবীনগর গ্রামের মৃত চাঁদ আলীর ছেলে এবং আব্দুল শেখ (২৫) একই ইউনিয়নের খানপুর গ্রামের আতিয়ার শেখের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন।
জানা যায়, মাদক ব্যবসায় বাধা দেওয়াকে কেন্দ্র করে গত ১৩ জুলাই সন্ধ্যায় দেবীনগর এলাকার ছালিম হোসেনের সাথে খানপুর গ্রামের হাসান শেখের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এই ঘটনার পর শুক্রবার সন্ধ্যায় বাজার থেকে বাড়ি ফেরার পথে হাসান শেখের পথরোধ করে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করা হয়।
এই ঘটনার জেরে হাসান গ্রুপের সামিরুলে নেতৃত্বে সঙ্গবদ্ধ হয়ে শুক্রবার দিবাগত রাত ১টার দিকে দেবীনগর ব্রিক ফিল্ড এলাকায় ছালিম হোসেনের বাড়িতে হামলা চালায়। এসময় ছালিম বাড়ি থেকে পালিয়ে যেতে পারলেও হামলাকারিরা বাড়িতে অবস্থানরত ফারুক হোসেন, আবুল শেখ এবং মুল্লুক মণ্ডলকে কুপিয়ে এবং পিটিয়ে গুরুত্বর জখম করে পালিয়ে যায়।
