গাজীপুরে বিয়ে বাড়িতে মদপানে অসুস্থ ২ যুবকের মৃত্যু

লেখক: যথাসময় ডেস্ক
প্রকাশ: ২৩ ঘন্টা আগে
প্রতীকী ছবি

গাজীপুরের কোনাবাড়ীতে বিয়ে বাড়িতে মদপান করে অসুস্থ দুই যুবকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনার ছয় দিন পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোরে একজন ও বিকালে অন্যজন মারা যান বলে জানিয়েছেন কোনাবাড়ী থানার ওসি মো. ইফতেখার হোসেন।

নিহতরা হলেন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানার ডুলিয়ার বাজার এলাকার রাজ্জাকের ছেলে মো. সজিব (২২) এবং একই উপজেলার হাড়োয়া গ্রামের মোস্তফা কামালের ছেলে মো. রনি মিয়া (২০)। সজিব কোনাবাড়ীর বাইমাইল কাদের মার্কেট এলাকায় মফিজ উদ্দিনের বাসায় ভাড়া থেকে কাঁচামালের ব্যবসা করতেন। আর রনি একই এলাকায় তোবারক মোল্লার বাসায় ভাড়া থেকে আশুলিয়া পলিট্যাকনিক্যালে পড়াশোনা করতেন।

পুলিশ ও স্বজনরা জানান, ১৩ জুলাই রাতে বাইমাইল কাদের মার্কেট এলাকার ভাড়াটিয়া রমজানের বিয়ের অনুষ্ঠানে মদপান করেন সজিব ও রনি। পরদিন সকাল থেকে তারা অসুস্থ অনুভব করলে স্থানীয় ফার্মেসি থেকে ওষুধ কিনে খান। কিন্তু কোনো উন্নতি না হলে তাদের কোনাবাড়ী ক্লিনিকে ভর্তি করা হয়। পরে তাদের শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় প্রথমে সজিব এবং পরে রনি মারা যান।

ওসি ইফতেখার হোসেন বলেন, শাহবাগ থানা থেকে একটি বার্তা পেয়েছি, হাসপাতালে দুজনের মৃত্যুর হয়েছে। বাংলা মদ বা মিথানল খেয়ে তাদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তিনি বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ বা মামলা করেনি। ঘটনাস্থলে গেছে পুলিশ। মেডিকেল প্রতিবেদন ও তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

  • গাজীপুর
  • মদপান
  • মৃত্যু
  • যুবক