হরমুজে ১১৫ দিন আটকা থাকার পরে অবশেষে দেশে ফিরলেন ‘বাংলার জয়যাত্রার’ ১৭ নাবিক

লেখক: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৬ ঘন্টা আগে
ছবি: সংগৃহীত

ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর প্রায় চার মাস হরমুজ প্রণালিতে আটকে থাকা বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ এমভি বাংলার জয়যাত্রার ১৭ বাংলাদেশি নাবিক দেশে ফিরেছেন।

দক্ষিণ আফ্রিকার ডারবান থেকে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে দুবাই হয়ে মঙ্গলবার বিকাল ৫টা ৪২ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা। বাকি ১৪ নাবিক আরও কিছুদিন পর মালয়েশিয়া হয়ে দেশে ফিরবেন। বাংলাদেশ শিপিং করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক কমডোর মাহমুদুল মালেক সন্ধ্যা ৭টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‌‘সোমবার (২০ জুলাই) রাতে তারা দক্ষিণ আফ্রিকার ডারবান থেকে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে রওনা হন। দুবাই হয়ে আজ বিকালে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। এরপর তারা স্বজনদের সঙ্গে নিজ নিজ বাড়ির উদ্দেশে রওনা হন।’
বিএসসির তথ্য অনুযায়ী, দেশে ফেরা নাবিকদের মধ্যে জাহাজের মাস্টার, চিফ অফিসার, প্রকৌশলী, ক্যাডেট ও রেটিং রয়েছেন। এরই মধ্যে তাদের পরিবর্তে ১৭ জন নতুন নাবিককে ডারবানে পাঠানো হয়েছে। তারা জাহাজে উঠে দায়িত্ব গ্রহণ করেছেন।

বিএসসির মহাব্যবস্থাপক (শিপ পারসোনেল বিভাগ) ক্যাপ্টেন জিয়াউর রহমান বলেন, ‘এমভি বাংলার জয়যাত্রা জাহাজ পরবর্তী পণ্যবোঝাই শেষে আগামী কয়েক দিনের মধ্যে দক্ষিণ আফ্রিকার ডারবান ত্যাগ করবে। জাহাজটির পরবর্তী সম্ভাব্য গন্তব্য মালয়েশিয়া। সেখান থেকে ১৪ জন নাবিক দেশে ফিরবেন।’
তিনি বলেন, ‘দীর্ঘদিন জাহাজে দায়িত্ব পালন এবং টানা দুর্ভোগে নাবিকদের শারীরিক ও মানসিক অবস্থার কথা বিবেচনা করে অগ্রাধিকার ভিত্তিতে প্রথমে ১৭ জনকে দেশে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়।’

ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে হরমুজ প্রণালির আশপাশে নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় বাংলার জয়যাত্রা প্রায় ১১৫ দিন পারস্য উপসাগরীয় অঞ্চলে আটকে ছিল। জাহাজটি ২৭ ফেব্রুয়ারি কাতারের মেসাইয়িদ বন্দর থেকে ৩৮ হাজার ৮০০ টন স্টিল কয়েল নিয়ে সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলি বন্দরে পৌঁছায়। যুদ্ধের কারণে এবং হরমুজ প্রণালি বন্ধ থাকায় জাহাজসহ নাবিকরা আটকা পড়েন। বাংলাদেশের পতাকাবাহী এই বাল্ক ক্যারিয়ারটি গত ২৩ জুন হরমুজ প্রণালি অতিক্রম করে সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ বন্দরে যায়। সেখানে জ্বালানি নেওয়া ও জাহাজের তলদেশ পরিষ্কারের কাজ শেষে এটি দক্ষিণ আফ্রিকার ডারবান বন্দরে পৌঁছে।

বিএসসি সূত্রে জানা গেছে, ২০১৮ সালে বিএসসির বহরে যুক্ত হয় বাল্ক ক্যারিয়ার এমভি বাংলার জয়যাত্রা। ৩৯ হাজার টন ধারণক্ষমতার জাহাজটি নির্মাণ করে চায়না ন্যাশনাল মেশিনারি ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট করপোরেশন (সিএমসি)। চীন সরকারের সঙ্গে যৌথ অর্থায়নে জাহাজটি কেনা হয়েছিল।

  • নাবিক
  • বাংলার জয়যাত্রা