চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা শুরু ২৭ জুলাই

লেখক: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১ দিন আগে
ফাইল ছবি

সাম্প্রতিক বন্যার কারণে স্থগিত থাকা চট্টগ্রাম শিক্ষা বোর্ড এবং এর আওতাধীন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা আগামী ২৭ জুলাই (সোমবার) থেকে পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী শুরু হবে। গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বন্যা-পরবর্তী পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত এলাকার সার্বিক অবস্থা, পরীক্ষার্থীদের মানসিক ও শারীরিক অবস্থা, অংশীজনদের মতামত এবং ক্ষতিগ্রস্ত সড়কপথের কারণে পরীক্ষাকেন্দ্রে যাতায়াতের অসুবিধা বিবেচনায় চট্টগ্রাম শিক্ষা বোর্ড এবং এর আওতাধীন মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি, আলিম, এইচএসসি (বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) ও ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষার বিভিন্ন বিষয় স্থগিত করা হয়েছিল।

এতে আরও বলা হয়, বর্তমানে বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন সব জেলা প্রশাসকের প্রতিবেদন এবং বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের আবেদনের ভিত্তিতে ২৭ জুলাই থেকে অবশিষ্ট পরীক্ষাগুলো বিদ্যমান সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। তবে, বন্যার কারণে আগে স্থগিত হওয়া পরীক্ষাগুলোর নতুন সময়সূচি পরে পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

  • এইচএসসি
  • চট্টগ্রাম বোর্ড
  • পরীক্ষা