নেত্রকোণায় ছেলেকে বাঁচাতে গিয়ে বাবা হলেন খুন 

লেখক: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৩৫ minutes ago
প্রতীকী ছবি

নেত্রকোণার কলমাকান্দায় পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় এক কৃষক খুন হয়েছেন। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। রোববার সকাল সোয়া ৯টার দিকে খারনৈ ইউনিয়নের এ ঘটনা ঘটে।

নিহত ৬৫ বছর বয়সী বাবুল মিয়া ওই ইউনিয়নের সোনাহর মিয়ার ছেলে। তার লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোণা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। এ ঘটনায় আটক মোস্তাকিন মিয়া বরদল গ্রামের বাসিন্দা।

কলমাকান্দা থানার ওসি আবুল হাশেম জানান, ধানকাটার টাকা নিয়ে নিহত বাবুল মিয়ার ছেলে মো. সিরাজুল ইসলামের সঙ্গে একই গ্রামের সাদ্দাম মিয়ার বিরোধ চলছিল। সকালে ওই টাকা নিয়ে কথার কাটাকাটির মধ্যে সাদ্দাম ও তার লোকজন সিরাজুলকে মারধর শুরু করে। এ সময় ছেলেকে বাঁচাতে বাবুল এগিয়ে গেলে তাকেও বেধরক পিটুনি দিয়ে গুরুতর আহত করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার কিছু সময়ের মধ্যেই অভিযান চালিয়ে সাদ্দামের ভাই মোস্তাকিনকে আটক করা হয়েছে বলে ওসি আবুল হাশেম জানান।তিনি বলেন, এ হত্যাকাণ্ডের ঘটনায় আইনগত পদক্ষেপ গ্রহণের পাশাপাশি জড়িতদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।

  • খুন
  • নেত্রকোণা
  • বাবা