নারায়ণগঞ্জে শেখ হাসিনাসহ ১৫০ জনের বিরুদ্ধে মামলা

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ২ years ago
ছবি : শেখ হাসিনা

বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনের সময় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গুলিবিদ্ধ হয়ে আরাফাত হোসেন আকাশ (১৬) নামে এক স্কুলছাত্রের মৃত্যুর ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানকে আসামি করে হত্যা মামলা হয়েছে। রোববার (২২ সেপ্টেম্বর) নিহতের বাবা ফল বিক্রেতা মো. আকরাম বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলাটি করেছেন।

মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামিসহ ৮ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও ১৫০ জনকে আসামি করা হয়েছে এই মামলায়।

সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন।
মামলার এজাহারনামীয় অন্য আসামিরা হলেন সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার ইসলাম, ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান মতি, ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন মোল্লা ও ১০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ইফতেখার হোসেন খোকন।

মামলার এজাহারে বাদী অভিযোগ করেন, গত ২১ জুলাই বেলা ১১টার সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সিদ্ধিরগঞ্জ থানাধীন শিমরাইল মোড় এলাকায় খানকা মসজিদ অংশে ছাত্র-জনতার আন্দোলন চলাকালে মামলার ১ ও ৩ নম্বর আসামির নির্দেশে ৪ ও ৮ নম্বর আসামিসহ অজ্ঞাতরা বিভিন্ন অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করে। এসময় কিশোর আরাফাত হোসেন আকাশ গুলিবিদ্ধ হয়। পরে তার বাবা গুলিবিদ্ধ আকাশকে স্থানীয় জনতার সহায়তায় গুরুতর অবস্থায় সাইনবোর্ড এলাকায় প্রো-অ্যাকটিভ হাসপাতালে নিলে সেখানে তার মৃত্যু হয়।

মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করা কিশোর আরাফাত হোসেন আকাশ নিজ গ্রামের বাড়ি নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার ওয়াসেকপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল। আন্দোলন চলাকালীন সময় স্কুল বন্ধ থাকায় আকাশ গ্রামের বাড়ি থেকে সিদ্ধিরগঞ্জে বাবার ভাড়া বাসায় চলে আসে। এরপর থেকে সে শিমরাইল এলাকায় খানকা মসজিদ সংলগ্ন তার বাবার ফলের দোকানে বেচাবিক্রিতে সহায়তা করত।

  • নারায়ণগঞ্জ
  • শেখ হাসিনা
  • #