প্রতীকী ছবি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নিখোঁজের এক সপ্তাহ পর মো.শওকত আলী (৩৫) নামে এক বাংলাদেশী যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৬ মে) মধ্যরাতে সদর উপজেলার পদ্মা নদীর চর থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মতিউর রহমান। নিহত শওকত আলী শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের তারাপুর ঠুঁঠাপাড়ার মৃত মিজানের ছেলে।
নিহতের স্বজনরা জানান, গত ৯ মে শওকত আলী কয়েকজনের সঙ্গে গরু আনতে ভারতের দিকে যান। সেসময় সহযোগীরা ফিরে এলেও নিখোঁজ ছিলেন তিনি।
গতরাতে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পেয়ে পরিবারের সদস্যরা উদ্ধার করে গোপনে দাফনের প্রস্তুতি নিলে খবর পেয়ে শিবগঞ্জ থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে পাঠায়। তবে স্থানীয়দের দাবি, গরু নিয়ে ফেরার সময় বিএসএফ হত্যা করে শওকতের মরদেহ নদীতে ফেলে দিয়েছে। এর আগেও বিএসএফ এমন ঘটনা ঘটিয়েছে বলে জানায় তারা।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মতিউর রহমান জানান, মরদেহটি অর্ধগলিত থাকায় মৃত্যুর কারণ সনাক্ত করা যায়নি। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হবে এবং তদন্ত শেষে মৃত্যুর কারণ উদ্ঘাটন হবে।
গোদাগাড়ী নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জীবন রায় বলেন, ‘মরদেহে ধারালো অস্ত্রের আঘাতের একাধিক চিহ্ন রয়েছে। বিশেষ করে পা, হাত ও বুকের জখম গুরুতর। ধারণা করা হচ্ছে পরিকল্পিতভাবে কুপিয়ে হত্যার পর মরদেহ নদীতে ভাসিয়ে দেয়া হয়েছে।’
