নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় ড্রেজার ব্যবসা নিয়ে আধিপত্য বিস্তার এবং মাদক ব্যবসায় বাধা দেওয়ার জেরে মাকসুদুর রহমান জুয়েল (৩৫) নামে এক যুবককে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। মঙ্গলবার (১৯ মে) দুপুরে মদনগঞ্জ শান্তিনগর এলাকায় শীতলক্ষ্যা নদীর তীরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত জুয়েল ওই এলাকার মৃত তাজুল ইসলামের ছেলে।
নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, দুপুরে জুয়েলের বন্ধু শ্যামল তাকে মোবাইল ফোনে কল করে শান্তিনগর নদীর তীরে ডেকে আনে। জুয়েল সেখানে পৌঁছানো মাত্রই পূর্ব থেকে ওৎ পেতে থাকা একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর ঝাঁপিয়ে পড়ে। সন্ত্রাসীরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।
নিহতের ভাই সোহেল অভিযোগ করে বলেন, টিটু, আল-আমিন, ডিশ দুলাল ও পলাশের সঙ্গে আমার ভাইয়ের ড্রেজার ব্যবসা নিয়ে দীর্ঘদিনের দ্বন্দ্ব ছিল। এই ক্ষোভ থেকেই তারা পরিকল্পিতভাবে বন্ধুকে দিয়ে কল করিয়ে জুয়েলকে ডেকে নিয়ে নৃশংসভাবে হত্যা করেছে। আমরা খুনিদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসি চাই।
খবর পেয়ে বন্দর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল (ভিক্টোরিয়া) মর্গে পাঠিয়েছে।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন জানান, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটন এবং জড়িতদের গ্রেপ্তারে পুলিশি অভিযান শুরু হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য এরই মধ্যে দুজনকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।
