শিশু হত্যা-ধর্ষণের মামলা নিষ্পত্তিতে বিশেষ বেঞ্চ চেয়ে প্রধান বিচারপতিকে চিঠি

লেখক: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৩ ঘন্টা আগে

শিশু হত্যা-ধর্ষণের মামলায় ডেথ রেফারেন্স ও আপিল দ্রুত নিষ্পত্তির জন্য বিশেষ বেঞ্চ গঠনের দাবি জানিয়েছেন সুপ্রিম কোর্টের কয়েকজন আইনজীবী। বিষয়টি নিয়ে প্রধান বিচারপতিকে চিঠিও দিয়েছেন তারা। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের মাধ্যমে চিঠিটি পাঠানো হয়। অ্যাডভোকেট মো. ফয়জুল্লাহ (ফয়েজ), ব্যারিস্টার জিয়াউর রহমান, বেলাল হোসাইন, শাহিনা তাজরিন, শামীম আরা, রোকসানা শিরিনসহ ৯ আইনজীবী এতে সই করেছেন।

চিঠিতে বলা হয়েছে, শিশু ধর্ষণ ও হত্যার চাঞ্চল্যকর মামলায় নিম্ন আদালতে দ্রুত বিচার হলেও উচ্চ আদালতে ডেথ রেফারেন্স ও আপিল নিষ্পত্তি করতে দীর্ঘ সময় লাগছে। মাগুরায় শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা, ফেনীর নুসরাত হত্যার মতো অনেক মামলা এভাবে নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে।

‘আপনারা বিচার করতে পারবেন না’– রাজধানীর মিরপুরে ধর্ষণ ও নৃশংস হত্যাকাণ্ডের শিকার ৭ বছরের শিশু রামিসার বাবার এমন আক্ষেপের কথাও চিঠিতে উল্লেখ করা হয়।

আইনজীবীরা বলেন, বিচারব্যবস্থার এই দীর্ঘসূত্রতা সাধারণ মানুষের মধ্যে বিরূপ প্রভাব ফেলছে। সীমাবদ্ধতার কথা বিবেচনায় নিয়ে শিশু ধর্ষণ ও হত্যাকাণ্ডের মামলাগুলো বিশেষ বেঞ্চ গঠনের মাধ্যমে দ্রুত শুনানির ব্যবস্থা গ্রহণে অনুরোধ জানান তাঁরা।

  • চিঠি
  • ধর্ষণ
  • প্রধান বিচারপতি
  • বিশেষ বেঞ্চ
  • মামলা
  • শিশু
  • হত্যা