চট্টগ্রামে বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

লেখক: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৩ ঘন্টা আগে

চট্টগ্রামের কর্ণফুলীতে একটি যাত্রীবাহী বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এই ঘটনায় আরও অন্তত সাতজন যাত্রী আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের শিকলবাহা এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় লোকজনের কাছ থেকে জানা গেছে, পটিয়া অভিমুখে যাওয়া একটি লেগুনার সঙ্গে বিপরীত দিক অর্থাৎ কক্সবাজার থেকে ছেড়ে আসা চট্টগ্রামমুখী ঈগল পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের শব্দ শুনে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং আহত যাত্রীদের উদ্ধার করেন। এরপর তাদের চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ দুর্ঘটনার বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক আলাউদ্দিন তালুকদার জানান, সড়ক দুর্ঘটনায় আহত মোট ১০ জনকে হাসপাতালে আনা হয়েছিল। তবে হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক তাদের মধ্যে তিনজনকে মৃত ঘোষণা করেন। নিহতদের নাম ও পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বর্তমানে আহত বাকিদের চিকিৎসা চলছে।

দুর্ঘটনাস্থলে থাকা কর্ণফুলী থানার উপপরিদর্শক (এসআই) পরিতোষ দাশ বলেন, দুর্ঘটনার পর বাস ও লেগুনা দুটি জব্দ করা হয়েছে। তবে ঘটনার পর দুই গাড়ির চালকই পালিয়ে গেছেন। এই দুর্ঘটনাটি ঠিক কী কারণে ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে বলে তিনি জানান।

  • চট্টগ্রাম
  • নিহত
  • বাস-লেগুনা
  • সংঘর্ষ