নাটোরে ট্রাকচাপায় মোটরসাইকেলে থাকা ২ যুবকের মৃত্যু

লেখক: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১১ ঘন্টা আগে
প্রতীকী ছবি

নাটোরের সিংড়ায় ট্রাকচাপায় মোটরসাইকেল থাকা দুই যুবকের মৃত্যু হয়েছে। এ সময় আরও একজন যুবক আহত হয়েছেন। আজ সোমবার সকালে সিংড়ার নাটোর-বগুড়া মহাসড়কের আমতলী ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন নাটোর সদর উপজেলার ইসলাবাড়ী গ্রামের মোতালেব হোসেনের ছেলে হিরা ইসলাম ও লালপুর উপজেলার সাজেদুর রহমানের ছেলে জীবন রহমান। আহত সাইফুল ইসলামকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন নাটোরের ঝলমলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান। তিনি স্থানীয়দের বরাত দিয়ে জানান, আজ সকালে নাটোর থেকে মোটরসাইকেলে করে তিনজন যুবক সিংড়ার দিকে যাচ্ছিলেন। পথে উপজেলার নাটোর-বগুড়া মহাসড়কের আমতলী ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আমবোঝাই একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই জীবন রহমান ও হিরা ইসলামের মৃত্যু হয়। এ সময় আহত হয় আরও একজন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুইটি উদ্ধার করে এবং নাটোর ফায়ার সার্ভিসের সদস্যরা আহত যুবককে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করে। পরে উন্নত চিকিৎসার জন্য আহত সাইফুল ইসলামকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় ট্রাকসহ চালককে আটকের জন্য পুলিশ অভিযান শুরু করেছে বলে জানান ওসি।

  • ট্রাকচাপা
  • নাটোর
  • মৃত্যু