চাঁপাইনবাবগঞ্জে গণপিটুনিতে একজন নিহত

লেখক: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৬ ঘন্টা আগে
প্রতীকী ছবি

চাঁপাইনবাবগঞ্জে গরু চুরির অভিযোগে গণপিটুনিতে একজনের মৃত্যু হয়েছে। সোমবার (১ জুন) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে ভোলাহাট উপজেলার গোহালবাড়ি ইউনিয়নের গোহালবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ফিরোজ আলী (৪০) চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার পিটিআই কলেজ বস্তি এলাকার মৃত নুর নবীর ছেলে। দীর্ঘদিন ধরে তিনি শ্বশুরবাড়িতে বসবাস করছিলেন বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোহালবাড়ি গ্রামের বাসিন্দা এমরান হোসেনের গোয়ালঘরে একদল ব্যক্তি গরু চুরির চেষ্টা চালায়। এ সময় বাড়ির লোকজন বিষয়টি টের পেয়ে চিৎকার শুরু করলে ফিরোজ আলীকে আটক করা হয়। পরে স্থানীয় লোকজন তাকে মারধর করলে তিনি গুরুতর আহত হন। খবর পেয়ে ভোলাহাট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত ফিরোজ আলীকে উদ্ধার করে ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (২ জুন) সকাল আনুমানিক ৭টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এরপর পুলিশ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়।

ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল বারেক জানান, ঘটনাটির প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণে পুলিশ কাজ করছে। তিনি আরও জানান, ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তের অগ্রগতির ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

  • গণপিটুনি
  • চাঁপাইনবাবগঞ্জ
  • নিহত