ভারতের রাজধানী দিল্লির মালভিয়া নগর এলাকায় অবস্থিত একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২১ জন নিহত হয়েছেন। বুধবার সকাল প্রায় ৮টা ৫০ মিনিটে পাঁচতলা ভবনের বেসমেন্টে থাকা রেস্তোরাঁয় আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস এনডিটিভিকে জানায়, খবর পেয়ে দ্রুত দুটি ফায়ার ইঞ্জিন, দুটি ওয়াটার বাউজার, একটি কুইক-রেসপন্স যানসহ একাধিক ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। আগুন লাগার সময় ভবনটিতে প্রায় ৪০ জন অবস্থান করছিলেন বলে ধারণা করা হচ্ছে।
উদ্ধারকর্মীরা কয়েক ডজন মানুষকে জীবিত উদ্ধার করেছেন। তবে আগুনে দগ্ধ হয়ে অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে। আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি এবং বিষয়টি তদন্ত করা হচ্ছে।
প্রাথমিকভাবে জানা গেছে, ভবনটিতে প্রায় ৪০ জন অবস্থান করছিলেন। হোটেলটিতে প্রায় ২৫টি কক্ষ ছিল এবং অধিকাংশ অতিথিই বিদেশি নাগরিক, যারা চিকিৎসার উদ্দেশ্যে ভারতে এসেছিলেন।
আগুন লাগার সময় বেশিরভাগ অতিথিই ঘুমিয়ে ছিলেন বলে জানা গেছে। পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে ওঠে যে, অনেকে প্রাণ বাঁচাতে জানালা দিয়ে নিচে লাফ দেন।
হোটেলের নিচতলায় একটি রেস্তোরাঁও ছিল। সেখানে কর্মরত শেফ কেসর সিং জানান, সকাল প্রায় ৮টার দিকে তিনি একটি বৈদ্যুতিক চুলা চালু করতে গেলে হঠাৎ আগুনের শিখা ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে পুরো এলাকা আগুনে গ্রাস করে নেয়।
তিনি বলেন, আমি সঙ্গে সঙ্গে সহকর্মীদের সতর্ক করি যে হোটেলে আগুন লেগেছে। বাইরে বেরিয়ে দেখি পুরো ভবনই আগুনে জ্বলছে। কোনোমতে আমি প্রাণে বাঁচতে সক্ষম হই।
