ভারতের রাজধানী দিল্লির মালবীয় নগরে একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে ২১ জন নিহত হয়েছেন। আহতদের মধ্যে পাঁচজন বাংলাদেশি নাগরিক রয়েছেন বলে জানিয়েছে দিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশন। বুধবার সকালে হাউজ রানি এলাকার পাঁচতলা ‘বেড অ্যান্ড ব্রেকফাস্ট’ হোটেল ভবনে এ ঘটনা ঘটে।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, নিহতদের মধ্যে ১৮ জনই বিদেশি নাগরিক। তাদের মধ্যে বাংলাদেশ, নাইজেরিয়া, মোজাম্বিক, সোমালিয়া, লাইবেরিয়া ও আফগানিস্তানের নাগরিক রয়েছেন। তবে কোন দেশের কতজন নিহত হয়েছেন, তা এখনো নিশ্চিত করা হয়নি। ঘটনায় আহত অন্তত ১৭ জন হাসপাতালে ভর্তি আছেন।
রিপাবলিকের প্রতিবেদনে বলা হয়েছে, নিহত ও আহত বিদেশিদের বেশিরভাগই চিকিৎসার জন্য দিল্লিতে অবস্থান করছিলেন।
বাংলাদেশ হাইকমিশনের তথ্য অনুযায়ী, আহত পাঁচ বাংলাদেশিকে ম্যাক্স হাসপাতাল ও সফদরজং হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
