চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে ৬ জনের মৃত্যু

লেখক: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৪ ঘন্টা আগে
প্রতীকী ছবি

চাঁপাইনবাবগঞ্জের তিন উপজেলায় বজ্রপাতে তিন নারীসহ ছয়জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে চারজনের মৃত্যু হয়েছে আম কুড়াতে গিয়ে। বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে তাদের মৃত্যু হয়।

বজ্রপাতে মৃতরা হলেন সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আতাহার এলাকার মো. রাব্বিলের ছেলে আব্দুল্লাহ, শিবগঞ্জ উপজেলার চককীর্তি ইউনিয়নের চকনরেন্দ্র গ্রামের আব্দুর রবের স্ত্রী মাহমুদা আক্তার, রানীবাড়ী চাঁদপুর এলাকার আবুল কাশেমের মেয়ে সাদিয়া খাতুন, মোবারকপুর ইউনিয়নের শিকারপুর দক্ষিণপাড়ার ফিটু আলীর ছেলে মেসবাউল, নাচোল উপজেলার ফতেপুর লাহাবাড়ি গ্রামের সুমিয়ারা বেগম এবং নিজামপুরের হাসান আলী।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, শিবগঞ্জে বাড়ির পাশের আমবাগানে আম কুড়াতে গিয়ে বজ্রপাতে তিনজন মারা গেছেন।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি একরামুল হোসাইন জানান, সদর উপজেলার আতাহার এলাকায় বৃষ্টির মধ্যে মাঠ থেকে গরু আনতে গেলে বজ্রপাতে গুরুতর আহত হন আব্দুল্লাহ। পরে স্থানীয়রা আব্দুল্লাহকে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে নাচোল উপজেলার লাহাবাড়ি এলাকায় মাঠে ঘাস কাটার পর বৃষ্টির মধ্যে বাড়ি ফেরার পথে বজ্রপাতে মারা যান সুমিয়ারা বেগম। এছাড়া একই সময়ে নাচোল উপজেলা নিজামপুর এলাকায় আম কুড়াতে গিয়ে হাসান আলি নামের এক ব্যক্তির মৃত্যু হয়। এসব তথ্য নিশ্চিত করেছেন নাচোল থানার ওসি সুকোমল চন্দ্র দেবনাথ।

  • চাঁপাইনবাবগঞ্জ
  • বজ্রপাত
  • মৃত্যু