নারায়ণগঞ্জ শহরের শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ। বুধবার (৬ মে) কেরোসিন ঘাটের সামনে নদীতে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহটির পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। নিহতের আনুমানিক বয়স ৩০ বছর।
স্থানীয়রা জানান, সকালে নদীতে একটি ভাসমান মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে নারায়ণগঞ্জ সদর নৌপুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। মরদেহটি কয়েক দিন আগের হওয়ায় পচন ধরেছে।
নারায়ণগঞ্জ সদর নৌপুলিশের উপপরিদর্শক (এসআই) হাবিবুর রহমান খান বলেন, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে মরদেহটি উদ্ধার করেছে পুলিশ। ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। নিহতের পরিচয় শনাক্তে পিবিআই কাজ করছে।
