বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার মারা গেছেন

লেখক: যথাসময় ডেস্ক
প্রকাশ: ৭ দিন আগে
ছবি: মুস্তাফা মনোয়ার

দেশবরেণ্য চিত্রশিল্পী ও বাংলাদেশে পাপেট চর্চার অন্যতম পথিকৃৎ মুস্তাফা মনোয়ার মারা গেছেন। সোমবার (২৯ জুন) সকালে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৯১ বছর। হাসপাতাল কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।

মুস্তাফা মনোয়ার জানাজা আগামীকাল মঙ্গলবার (৩০ জুন) অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ছেলে সাদাত মনোয়ার। তিনি জানান, আগামীকাল জানাজা অনুষ্ঠিত হবে। এরপর শ্রদ্ধা জানানোর জন্য তার মরদেহ নেয়া হবে জাতীয় শহীদ মিনারে। তবে, আজ বাড়িতেই রাখা হবে মরদেহ। বনানী কবরস্থানে দাফন করতে চায় পরিবার।

নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গত ১৪ জুন রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন মুস্তাফা মনোয়ার। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। কয়েকদিন আগে তার ভেন্টিলেটর সাপোর্ট খুলে নেয়া হয়। কিন্তু আবারও শারীরিক অবস্থার অবনতি হলে পুনরায় ভেন্টিলেটরে নেয়া হয়।

এর আগে তার স্ত্রী মেরী মনোয়ার জানিয়েছিলেন, ফুসফুসে মারাত্মক ব্যাকটেরিয়াজনিত সংক্রমণের কারণে তিনি সংকটাপন্ন অবস্থায় ছিলেন।

১৯৩৫ সালের ১ সেপ্টেম্বর মাগুরা জেলার নাকোল গ্রামে জন্মগ্রহণ করেন মুস্তাফা মনোয়ার। তার পৈতৃক বাড়ি ঝিনাইদহের শৈলকূপা উপজেলার মনোহরপুর গ্রামে।

তিনি প্রখ্যাত কবি গোলাম মোস্তফার ছেলে। দীর্ঘ কর্মজীবনে চিত্রকলা, টেলিভিশন, শিশুতোষ অনুষ্ঠান নির্মাণসহ দেশের শিল্প ও সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি। শিল্প-সংস্কৃতিতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২০০৪ সালে তাকে একুশে পদকে ভূষিত করা হয়।

  • চিত্রশিল্পী
  • মুস্তাফা মনোয়ার
  • মৃত্যু