ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে আর্জেন্টিনার ফুটবলার লুকাস ত্রেহোর স্ত্রী ও দুই সন্তান নিহত হয়েছেন। কয়েকদিন নিখোঁজ থাকার পর উদ্ধারকারীরা তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।
স্থানীয় ক্লাব দেপোর্তিভো লা গুয়াইরা এক বিবৃতিতে জানায়, ভূমিকম্পে ত্রেহোর স্ত্রী ইয়ানিনা মারানেল্লা এবং দুই সন্তান অ্যারন ও আইনহোয়া ত্রেহোর মৃত্যু হয়েছে। ক্লাবটি এই ঘটনায় গভীর শোক প্রকাশ করে পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।
জানা গেছে, ভূমিকম্পের সময় লুকাস ত্রেহো ক্লাবের অনুশীলনের জন্য রাজধানী কারাকাসে ছিলেন। অন্যদিকে তার পরিবার ভেনেজুয়েলার উপকূলীয় এলাকা প্লায়া গ্রান্দেতে অবস্থান করছিল। শক্তিশালী ভূমিকম্পে ওই এলাকার একটি ভবন ধসে পড়ে, যেখানে ত্রেহোর পরিবার থাকতেন।
দুর্ঘটনার পর থেকেই পরিবারটি নিখোঁজ ছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন বার্তায় ত্রেহো তখন লেখেন, তিনি এখনো বিশ্বাস করতে চান যে তার পরিবার নিরাপদে আছে এবং বিল্ডিংটিতে ছিল না। পরবর্তীতে উদ্ধারকারী দল ধ্বংসস্তূপ থেকে তাদের মরদেহ উদ্ধার করে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে।
এদিকে জাতিসংঘের প্রাথমিক হিসাবে, গত বুধবার সন্ধ্যায় ভেনিজুয়েলায় আঘাত হানা জোড়া ভূমিকম্পের পর মৃতের সংখ্যা দেড় হাজারের কাছাকাছি এবং প্রায় ৫০ হাজার মানুষ নিখোঁজ বলে জানা গেছে।
