প্রতীকী ছবি
রংপুরের বদরগঞ্জে চোখ উপড়ানো অবস্থায় জাইদুল ইসলাম নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৯ জুন) দুপুরে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের খাগড়াবন্ধ হালাবটতল এলাকার ধানখেতের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত জাইদুল ইসলাম (৫০) বিষ্ণুপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের খাগড়াবন্ধ পশ্চিমপাড়া গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে।
স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে পুলিশকে জানান। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পুলিশ জানায়, নিহত ওই ব্যক্তির নাম জাইদুল ইসলাম। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে হত্যা করে দুই চোখ উপড়ানো হয়েছে। তবে হত্যার প্রকৃত কারণ, কারা এ ঘটনায় জড়িত এবং চোখ উপড়ে ফেলার বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে পুলিশ কাজ করছে।
বদরগঞ্জ থানার ওসি হাসান জাহিদ সরকার বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ঘটনাটির তদন্ত শুরু হয়েছে। ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।
