অমর একুশে বইমেলা ২০২৬ আগামী ২০ ফেব্রুয়ারি থেকেই শুরু হতে যাচ্ছে। এছাড়াও প্রকাশকদের দীর্ঘদিনের দাবির মুখে স্টল ভাড়া ২৫ শতাংশ কমানোর ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা, সচিব এবং বাংলা একাডেমির মহাপরিচালকের উপস্থিতিতে এক গুরুত্বপূর্ণ সভায় এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের এক বার্তায় জানানো হয়েছে, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং আসন্ন পবিত্র রমজানের কথা বিবেচনা করে উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী এই ভাড়ায় ছাড় দেওয়ার বিশেষ নির্দেশনা প্রদান করেছেন।
বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির পরিচালক মো. আবুল বাশার ফিরোজ শেখ গণমাধ্যমে জানিয়েছেন, দেশের বর্তমান অস্থির পরিস্থিতি এবং অর্থনৈতিক সংকটের কারণে প্রকাশকদের পক্ষে পূর্বনির্ধারিত চড়া ভাড়া পরিশোধ করা অত্যন্ত কঠিন হয়ে দাঁড়িয়েছিল। সমিতির পক্ষ থেকে স্টল ভাড়া যথাসম্ভব কমানোর জন্য যে আবেদন জানানো হয়েছিল, মন্ত্রণালয় তা সাদরে গ্রহণ করেছে।
বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজমও এই সিদ্ধান্তের সত্যতা নিশ্চিত করে বলেছেন যে, প্রকাশকদের স্বার্থ রক্ষার্থেই ভাড়া কমানোর এই পদক্ষেপ নেওয়া হয়েছে এবং এর বিস্তারিত প্রক্রিয়া খুব দ্রুতই সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
একদিকে নির্বাচনের উত্তাপ আর অন্যদিকে পবিত্র রমজান—এই দুই চ্যালেঞ্জের মাঝেও বইমেলার ঐতিহ্য বজায় রাখতে কাজ করে যাচ্ছে বাংলা একাডেমি। এবারের মেলায় অংশগ্রহণকারী প্রকাশকদের সুযোগ-সুবিধা বৃদ্ধির পাশাপাশি দর্শনার্থীদের নিরাপত্তার বিষয়েও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্রগুলো।