রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার এস এম সোলিম ইন্ডাস্ট্রিজের জেনারেটর রুম থেকে পরিচ্ছন্নতাকর্মী, বিজয় (১৯) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত চারদিন ধরে বিজয় নিখোঁজ ছিলেন। রবিবার রাতে বিজয়ের মরদেহ উদ্ধার করা হয়। তিনি কড়াইল বস্তির অধিবাসী ছিলেন।
পুলিশ জানায়, ঘটনার দিন অফিসের পিয়ন রাজু ও ক্লিনার বিজয় এক সঙ্গে জেনারেটরের রুমে গিয়েছিলেন। সেখান থেকে রাজু ফিরে এলেও বিজয় সেখানেই ছিল। বর্তমানে পিয়ন রাজু পলাতক রয়েছে। ধারণা করা হচ্ছে রাজুই কোনো কারণে তাকে হত্যা করতে পারে।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহমুদুর রহমান জানান, রবিবার রাত সাড়ে ৯টার দিকে প্রতিষ্ঠানটির এডমিন ম্যানেজারের কাছ থেকে ফোন পাই। পরে রাত সাড়ে ১১টার দিকে ঘটনাস্থলে গিয়ে করখানার একটি বদ্ধ জেনারেটর ঘর থেকে বিজয়ের মরদেহ উদ্ধার করে পুলিশ। সেখানে তার মরদেহ উপুড় অবস্থায় পড়ে ছিল। তার মাথায় আঘাতের চিহ্ন এবং পাশে একটি ইট পাওয়া যায়।
ওসি আরও জানান, গত বৃহস্পতিবার অফিসে আসার পর থেকে ওই যুবক নিখোঁজ ছিল। তার পরিবার বনানী থানায় নিখোঁজ সংক্রান্ত একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিল, এ ঘটনার তদন্ত চলছে এবং পিয়ন রাজুকে গ্রেপ্তারে অভিযান চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য শহিদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।