তেজগাঁওয়ের সাতরাস্তা মোড় অবরোধ পলিটেকনিক শিক্ষার্থীদের

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১৬ ঘন্টা আগে

রাজধানীর তেজগাঁওয়ের সাতরাস্তা মোড় অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটসহ সরকারি-বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুর ১২টার দিকে এ সড়ক অবরোধ শুরু হয়। অবরোধের কারণে সংশ্লিষ্ট সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সড়কে সৃষ্ট হয় তীব্র যানজট।

শিক্ষার্থীরা বলছেন, দশম গ্রেডের উপসহকারী প্রকৌশলী পদে ডিপ্লোমা প্রকৌশলীদের পাশাপাশি বিএসসি প্রকৌশলীদের নিয়োগের বিধান করার সুপারিশের প্রতিবাদে তারা সড়ক অবরোধ করেছেন। সরকারকে এ সুপারিশ বাতিল করতে হবে। এমন সুপারিশ বাতিল না করলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) তানিয়া সুলতানা বেলা দুইটার দিকে বলেন, সড়ক অবরোধের প্রভাব আশপাশ এলাকায় পড়েছে। এতে বিভিন্ন সড়কে তীব্র যানজট তৈরি হয়েছে। বিশেষ করে সাতরাস্তা থেকে কাকরাইল পর্যন্ত সড়কে ব্যাপক যানজট লেগে গেছে। সোনারগাঁওয়ের সামনের কানেক্টিং সড়ক দিয়ে গাড়ি পাস করা যাচ্ছে না। ফলে আশপাশের সড়কেও প্রভাব আছে। আর মহাখালীর দিক থেকে আসা যানবাহন ডাইভারশন দিয়ে পাস করা হচ্ছে।

এদিকে, গাজীপুরে সড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করছেন ডিপ্লোমা প্রকৌশলী শিক্ষার্থীরা। এতে গাজীপুরের শিমুলতলী আঞ্চলিক সড়ক ও গাজীপুর–রাজশাহী রেলপথে যানবাহন ও ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টা থেকে ডিপ্লোমা প্রকৌশলী কল্যাণ ফাউন্ডেশনের ব্যানারে শিক্ষার্থীরা শিমুলতলী এলাকায় অবস্থান নিয়ে এ কর্মসূচি শুরু করেন। অবরোধের ফলে সড়ক ও রেলপথ ব্যবহারকারী যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। একইসঙ্গে জয়দেবপুর রেলওয়ে জংশনে দুটি ট্রেন যাত্রা বিরতি করে দাঁড়িয়ে আছে।

গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।

  • অবরোধ
  • তেজগাঁও
  • পলিটেকনিক
  • শিক্ষার্থী
  • সাতরাস্তা মোড়
  • #