দিনাজপুর কারাববন্দি সাবেক পানিসম্পদমন্ত্রী এবং ঠাকুরগাঁও-১ আসনের সাবেক সংসদ সদস্য রমেশ চন্দ্র সেনের মৃত্যুতে শোক জানিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার তার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এই পোস্ট করা হয়।
এতে মির্জা ফখরুল লিখেছেন, ‘ঠাকুরগাঁও-১ আসনের সাবেক সংসদ সদস্য, সাবেক মন্ত্রী, বর্ষীয়ান রাজনীতিবিদ শ্রী রমেশ চন্দ্র সেন আজ প্রয়াত হয়েছেন। তাঁর মৃত্যুতে আমি গভীর শোক জানাচ্ছি। তাঁর পরিবারের প্রতি আমার সমবেদনা জানাচ্ছি।’
দিনাজপুর কারাগারে বন্দি অবস্থায় শনিবার রমেশ চন্দ্র সেনের মৃত্যু হয়। তিনি আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ছিলেন।