রাজধানীর উত্তর বাড্ডার পোস্ট অফিস পাড়ায় একটি বাসায় অভিযান চালিয়ে দেশি-বিদেশি অস্ত্র ও গুলির চালান জব্দ করেছে যৌথ বাহিনী। এ সময় মেহেদী হাসান বিপু (৩৫) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের ঘনিষ্ঠ সহযোগী। তার বাসা থেকে বিভিন্ন ধরনের ১৩টি আগ্নেয়াস্ত্র ও ৩৯৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তাকে গতকাল শনিবার পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়, গ্রেপ্তার দীপু শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের ঘনিষ্ঠ সহযোগী। তিনি অবৈধ অস্ত্র কেনাবেচা করতেন। এই অভিযানে অস্ত্র ও গুলির একটি বড় চালান আটক করা হয়েছে।

আইএসপিআরের তথ্য অনুযায়ী, গত শুক্রবার রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দীপুর বাসায় অভিযান চালায় যৌথ বাহিনী। এই অভিযানে ৭টি পিস্তল, ৩টি রিভলবার, ১টি রাইফেল, ২টি এয়ারগান, ৩৯৪টি গুলি, বিভিন্ন ম্যাগাজিন, ওয়াকিটকি, দেশি ও বিদেশি ধারালো অস্ত্র, দুরবিন এবং একটি ল্যাপটপ উদ্ধার করা হয়। দীপুকেও আটক করা হয়। পরে তার বিরুদ্ধে অস্ত্র আইনে বাড্ডা থানায় মামলা করেন উপপরিদর্শক মো. হাসানুর রহমান।
এই মামলার তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার উপপরিদর্শক সুমন মিয়া গতকাল দুপুরে দীপুকে আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীন। আদালতে দীপুর পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। প্রসিকিউশন পুলিশের উপপরিদর্শক কামাল হোসেন রিমান্ড মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেন।
রিমান্ড আবেদনে বলা হয়, দীপুসহ অজ্ঞাতনামা আসামিদের সহায়তায় দীর্ঘদিন গোপনে বাড্ডা-ভাটারা এলাকাসহ মহানগরের বিভিন্ন এলাকায় অবৈধ অস্ত্র কেনাবেচা হচ্ছিল।
পুলিশের তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, উদ্ধার করা অস্ত্রগুলো ভাড়ায় বা সরবরাহের মাধ্যমে বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর কাছে গেছে কি না, তা তদন্ত করা হচ্ছে। সুব্রত বাইনের হয়ে রামপুরা, বনশ্রী, বাড্ডা, ভাটারা, বারিধারা ও গুলশান এলাকায় অপরাধ কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করতেন দীপু। গত বছরের মে মাসে কুষ্টিয়ায় যৌথ বাহিনীর অভিযানে সুব্রত বাইন গ্রেপ্তার হওয়ার পর রাজধানীর অপরাধজগতে তাঁর প্রতিনিধির ভূমিকায় ছিলেন দীপু। তিনি মাছের আড়ত, গাড়ির শোরুম, পোশাক কারখানাসহ বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান থেকে চাঁদাবাজি করতেন বলে অভিযোগ রয়েছে।
বাড্ডা থানার পরিদর্শক (অপারেশনস) আজহারুল ইসলাম জানান, অস্ত্রের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য দীপুকে রিমান্ডে নেওয়া হয়েছে।