চট্টগ্রাম বন্দরে নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ইজারা না দেওয়ার দাবিতে আন্দোলনকারী ১৫ কর্মচারীর বাসার বরাদ্দ বাতিল করেছে বন্দর কর্তৃপক্ষ। রোববার (৮ ফেব্রুয়ারি) বন্দরের পরিচালকের (প্রশাসন) সই করা এক আদেশে এই বরাদ্দ বাতিল করা হয়।
বন্দরের আদেশে বলা হয়, ১৫ জন কর্মচারীকে ২ ফেব্রুয়ারি জনস্বার্থে প্রেষণে মোংলা ও পায়রা বন্দরে বদলি করে সংযুক্ত করা হয়। বদলি করার পর তাদের নিজ নিজ বিভাগ থেকে অবমুক্ত করা হয়। অবমুক্তির তারিখ থেকে দুই কার্যদিবসে বদলি করা কর্মস্থলে যোগ দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়। তবে তারা এখনো বদলি করা কর্মস্থলে যোগ দেননি। এ জন্য তাদের অনুকূলে বরাদ্দ করা বাসা (যদি থাকে) বাতিল করার জন্য সংশ্লিষ্ট বিভাগীয় প্রধানদের নির্দেশ দেওয়া হয়েছে আদেশে।
এরই মধ্যে বন্দর আন্দোলনে যুক্ত ১৫ কর্মচারীর স্থাবর-অস্থাবর সম্পদ তদন্ত করতে দুদককে চিঠি দিয়েছে বন্দর কর্তৃপক্ষ। ৫ ফেব্রুয়ারি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিমের সই করা এক চিঠিতে এই আবেদন জানানো হয়। চিঠিটি নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব বরাবর পাঠানোর পাশাপাশি এর অনুলিপি নৌপরিবহন উপদেষ্টার দপ্তর, দুদক এবং জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) দপ্তরে পাঠানো হয়। শ্রমিকদের বদলির আদেশে ৮ জনকে পটুয়াখালীর পায়রা বন্দরে এবং ৭ জনকে মোংলা বন্দরে বদলি করা হয়।
এই ১৫ কর্মচারীর মধ্যে রয়েছেন চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের সমন্বয়ক মো. হুমায়ুন কবীর ও মো. ইব্রাহিম খোকন। অন্যরা হলেন মো. ফরিদুর রহমান, মোহাম্মদ শফি উদ্দিন, রাশিদুল ইসলাম, আবদুল্লাহ আল মামুন, মো. জহিরুল ইসলাম, খন্দকার মাসুদুজ্জামান, মো. হুমায়ুন কবীর (এসএস পেইন্টার), মো. শাকিল রায়হান, মানিক মিঝি, মো. শামসু মিয়া, মো. লিয়াকত আলী, আমিনুর রসুল বুলবুল ও মো. রাব্বানী।