কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় এক জামায়াত নেতার মালিকানাধীন মৎস্য খামার থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও ককটেল তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে যৌথ বাহিনী। বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে উপজেলার মাগুয়া গ্রামে অবস্থিত ‘আল-বাশারাত’ মৎস্য খামারে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।
নাঙ্গলকোট সেনাবাহিনী ক্যাম্পের সার্জেন্ট মোহাম্মদ ইয়াসিন মিয়ার নেতৃত্বে যৌথ বাহিনীর একটি দল অভিযানে অংশ নেয়। মৎস্য খামারের মালিক জামায়াতে ইসলামী যুব বিভাগের পেরিয়া ইউনিয়ন সভাপতি সাইফুল ইসলাম মামুন।
অভিযানকালে খামার এলাকা থেকে ৫৯টি এসএস পাইপ, ৪৬টি জর্দার খালি কৌটা, ২০০ গ্রাম পটাশিয়াম, ১০০ গ্রাম গন্ধক, ১২টি কস্টেপ এবং একটি ফুয়েল পেপার জব্দ করা হয়। এসব উপকরণ ককটেল তৈরিতে ব্যবহার করা হয় বলে জানায় আইনশৃঙ্খলা বাহিনী।
আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ধারণা, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে নাশকতা ও সহিংসতা সৃষ্টির উদ্দেশ্যে এসব অস্ত্র ও সরঞ্জাম মজুত করা হয়েছিল।
অভিযানের খবর পেয়ে সংশ্লিষ্ট নাশকতাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে উদ্ধারকৃত দেশীয় অস্ত্র ও ককটেল তৈরির সরঞ্জামাদি নাঙ্গলকোট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এ বিষয়ে নাঙ্গলকোট থানার ওসি আরিফুর রহমান জানান, খবর পেয়ে যৌথবাহিনী জিআই পাইপসহ বিস্ফোরক সরঞ্জাম উদ্ধার করেছে। তবে এসব সরঞ্জাম ককটেল তৈরির কিনা তা বিশেষজ্ঞ পরীক্ষা করালে বলা যাবে। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।