ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বরিশাল-৩ (মুলাদী–বাবুগঞ্জ) আসনে নির্বাচনী উত্তেজনা চরমে পৌঁছেছে। নির্বাচনের একদিন আগে জাতীয় পার্টির মুলাদী উপজেলা সদস্য সচিব মোহাম্মদ আরিফ হোসেনের বাসায় হামলার অভিযোগ উঠেছে।
বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে মুলাদী উপজেলার ৯ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। এ সময় একদল দুর্বৃত্ত আরিফ হোসেনের বাসার সামনে স্থাপিত লাঙ্গল প্রতীকের একটি নির্বাচনী প্রচারকেন্দ্র ভাঙচুর করে। এসময় ওই বাসার কেয়ারটেকারকে মারধর করে বক্তাক্ত ও জখম করা হয়।
স্থানীয়রা জানান, বুধবার সন্ধ্যা ৭ টার দিকে স্থানীয় বিএনপি নেতা অপু মোল্লা ও শাওন হাওলাদারের নেতৃত্বে একদল দুর্বৃত্ত জাতীয় পার্টির মুলাদী উপজেলা সদস্য সচিব মোহাম্মদ আরিফ হোসেনের বাসায় হামলা চালায়। তবে ঘটনার সময় উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব ও ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোহাম্মদ আরিফ হোসেন বাসায় উপস্থিত না থাকায় হামলাকারীরা তাকে উদ্দেশ্য করে বিভিন্ন ধরনের গালমন্দ করে বলে অভিযোগ করা হয়েছে। হামলা ও ভাঙচুরে বাধা দিলে ওই বাসার কেয়ারটেকারকে মারধর করা হয়।
এ বিষয়ে লাঙ্গল প্রতীকের প্রার্থী আলহাজ্ব গোলাম কিবরিয়া টিপুর নির্বাচনী প্রধান সমন্বয়ক ও তার কন্যা হাবিবে কিবরিয়া ফারিয়া বলেন, নির্বাচনের আগের দিন আমাদের নেতাকর্মীদের বিভিন্নভাবে ভয়-ভীতি প্রদর্শন করা হচ্ছে। ইতোমধ্যেই বাড়িঘরে হামলার ঘটনাও ঘটেছে। বিষয়গুলো প্রশাসনকে অবহিত করা হয়েছে। এ ধরনের ঘটনা সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি করছে।
এ বিষয়ে জানতে চাইলে মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরাফাত জাহান চৌধুরী বলেন, একটি ঘটনার বিষয়ে আমরা তথ্য পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। বিস্তারিত তদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।