ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ আসনের কেন্দ্রগুলোতে ঢিলেঢালাভাবে চলছে ভোটগ্রহণ। কেন্দ্রে ভোটারদের উপস্থিতি অপেক্ষাকৃত কম। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারের উপস্থিতি বাড়বে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
বৃহস্পতিবার (১২ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিশ্বনাথ উপজেলার ৫টি ভোটকেন্দ্র ঘুরে দেখা যায় কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি অপেক্ষাকৃত কম।
সিলেটের ৬টি আসনের ১ হাজার ১৬টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়েছে। ব্যালটে ভোট চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।
সকাল ৮টা ৪ মিনিটে বিশ্বনাথ পৌরসভার ১নং ওয়ার্ডের ৩৪ নং রামধানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী তাহসিনা রুশদী লুনা। এসময় আরও কয়েকজন ভোটারকে ভোট কেন্দ্রে দেখা যায়। পৌরশহরের হাজী মফিজ আলী বালিকা উচ্চ ও কলেজে গিয়ে দেখা যায় ভোট কেন্দ্র ফাঁকা।
ভোট কেন্দ্রের দায়িত্বরত প্রিজাইডিং অফিসার হেলাল আহমদ বলেন, ভোটার উপস্থিতি কম। তবে বেলা বাড়ার সাথে সাথে ভোটারদের উপস্থিতি বাড়বে।
একই চিত্র দেখা যায় বিশ্বনাথ জামেয়া ইসলামিয়া মাদানিয়া মাদ্রাসায়। বিশ্বনাথ দারুল উলূম ইসলামিয়া কামিল মাদ্রাসায় সকাল সাড়ে ৭টা থেকে ২৯২৬ জন ভোটারের মধ্যে ২১৫ জন ভোট দিয়েছেন।
সকাল দশটা পর্যন্ত বিশ্বনাথ ডিগ্রি কলেজ কেন্দ্রে ১ হাজার ৮৩৮ জন ভোটারের মধ্যে ২০০জন ভোট দিয়েছেন।
দুটি ভোট কেন্দ্রের দায়িত্বরত প্রিজাইডিং অফিসার রাসেল ভূইয়া ও কিশোরী মোহন মন্ডল জানান, শীতের সকাল ও প্রবাসী অধ্যুষিত উপজেলা হওয়াতে মানুষ ঘুমে রয়েছে। দুপুরের দিকে উপস্থিতি বাড়বে।
সিলেট-২ আসনের বিএনপি মনোনীত মোছা. তাহসিনা রুশদীর লুনা,খেলাফত মজলিসের মুহাম্মদ মুনতাসির আলী, জাতীয় পার্টির মাহবুবুর রহমান চৌধুরী, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আমীর উদ্দিন এবং গণফোরামের মো.মুজিবুল হক প্রতিদ্বন্দ্বিতা করছেন।