গাইবান্ধায় দুর্বৃত্তদের কুড়ালের আঘাতে জেলা জজকোর্টের মুহুরি অমিতাভ সরকার ওরফে সুজন মুহুরি (৩৫) নিহত হয়েছেন। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের খামার বল্লমঝাড় গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় লিমন কুমার নামের এক প্রতিবেশীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। নিহত সুজন ওই একই গ্রামের বাসিন্দা মৃত নিরঞ্জন চন্দ্র সরকারের ছেলে। তিনি গাইবান্ধা জেলা জজকোর্টের এক আইনজীবীর সহকারী হিসেবে কাজ করতেন।
সদর থানার উপপরিদর্শক (এসআই) ফজলুর রহমান জানান, পরিবারের সদস্য ও স্থানীয়দের বরাতে জানা যায়, নিজ বাড়িতে অবস্থানকালে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা পেছন দিক থেকে তার মাথায় কুড়াল দিয়ে আঘাত করে পালিয়ে যায়। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য রংপুরে নেওয়ার চেষ্টা করেন, কিন্তু পথে পলাশবাড়ি এলাকায় তার মৃত্যু হয়।
তিনি আরো বলেন, ‘ঘটনাস্থল থেকে একটি কুড়াল উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, ওই অস্ত্র দিয়েই তাকে আঘাত করা হয়েছে।’
নিহতের মা সিন্দু রানী জানান, সম্প্রতি স্থানীয় এক ব্যক্তির কাছ থেকে ১১ শতক জমি কেনেন সুজন। প্রতিবেশী বিমল কুমারের ছেলে লিমন কুমার ওই জমি কিনতে না পেরে ক্ষিপ্ত হন। এর আগেও অন্য একটি জমি নিয়ে তাদের মধ্যে বিরোধ ছিল এবং কিছুদিন আগে লিমন সুজনকে হুমকি দেন। এ কারণে হামলার পেছনে তার সংশ্লিষ্টতা থাকতে পারে বলে পরিবারের সন্দেহ।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন জানান, স্থানীয়দের খবরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। জমিজমা সংক্রান্ত বিরোধ থেকে ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। প্রতিবেশী লিমনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তদন্ত করে প্রকৃত অপরাধীকে আইনের আওতায় আনা হবে। লাশ ময়নাতদন্তের জন্য জেলা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।