নির্বাচনে প্রার্থী হওয়ায় খতিবকে চাকরিচ্যুত

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ১২ ঘন্টা আগে

কুমিল্লা-১০ আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী হিসেবে অংশ নেওয়া মুফতি মো. শামছুদ্দোহাকে খতিবের পদ থেকে অব্যাহতি দিয়েছে সংশ্লিষ্ট মসজিদ পরিচালনা কমিটি। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) নিজের ফেসবুক আইডিতে চাকরিচ্যুতির চিঠি প্রকাশ করে বিষয়টি নিশ্চিত করেন তিনি। ঘটনাটি ঘিরে ধর্মীয় অঙ্গনে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

মসজিদ পরিচালনা কমিটির জারি করা অব্যাহতি পত্রে বলা হয়, জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার মাধ্যমে তিনি মসজিদের পরিচালনা নীতিমালা এবং সরকারি মসজিদ ব্যবস্থাপনা নীতিমালার সংশ্লিষ্ট ধারা লঙ্ঘন করেছেন। তাই তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। সিদ্ধান্তটি ১৪ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে বলে চিঠিতে উল্লেখ রয়েছে।

জানা যায়, মুফতি শামছুদ্দোহা প্রায় একযুগ ধরে ঢাকার ধানমন্ডির সাইন্সল্যাব কেন্দ্রীয় জামে মসজিদে জুমার খতিব হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। সদ্যসমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী ছিলেন।

নিজের পোস্টে শামছুদ্দোহা লেখেন, জাতীয় নির্বাচনে অংশ নেওয়া তার ব্যক্তিগত, ধর্মীয় ও সাংবিধানিক অধিকার। নির্বাচনি কার্যক্রম পরিচালনার জন্য নিয়মতান্ত্রিকভাবে ছুটি নিয়েই প্রচারণায় অংশ নিয়েছেন। নির্বাচনকে অজুহাত হিসেবে দেখিয়ে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি। তিনি অভিযোগ করেন, জুলাই আন্দোলনে ভূমিকা রাখার কারণেও পূর্বে তাকে ও আরিফ বিন হাবিব নামে আরেক আলেমকে অব্যাহতি দেওয়া হয়েছিল।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) দেওয়া আরেক পোস্টে শামছুদ্দোহা দাবি করেন, অব্যাহতির চিঠি হোয়াটসঅ্যাপে পাঠানোর পর তিনি জুমা পড়াতে গেলে তাকে বাধা দেওয়া হয় এবং মসজিদে প্রবেশে নিষেধ করা হয়। বিষয়টি নিয়ে সভাপতির সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও সাড়া পাননি বলেও উল্লেখ করেন তিনি।

তিনি এ সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি লড়াইয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে সবার কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

এ ঘটনায় মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ড. মোহাম্মদ হোসেন সোহরাবের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তিনি ফোন রিসিভ করেননি।

সূত্র : যুগান্তর

  • খতিব
  • চাকরিচ্যুত
  • নির্বাচন
  • প্রার্থী
  • #