পুনরায় ভোট গণনার আবেদন রাজশাহীর ২ বিএনপি প্রার্থীর

: যথাসময় ডেস্ক
প্রকাশ: ২ সপ্তাহ আগে
ছবি : মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন ও ডিএমডি জিয়াউর রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) ও রাজশাহী-৪ (বাগমারা) আসনে পরাজিত বিএনপির দুই প্রার্থী ভোট পুনরায় গণনার দাবিতে রিটার্নিং কর্মকর্তার কাছে আবেদন করেছেন। রাজশাহী-১ আসনের প্রার্থী মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে এবং রাজশাহী-৪ আসনের ডিএমডি জিয়াউর রহমান শনিবার (১৪ ফেব্রুয়ারি) এ আবেদন করেন।

ডিএমডি জিয়াউর রহমান আবেদনে লেখেন, বিভিন্ন ধরনের অনিয়ম, ভোট কারচুপি ও প্রশাসনের কিছু অংশ ভীতি প্রদর্শনের মাধ্যমে প্রশ্নবিদ্ধ নির্বাচনের বিতর্কিত ফল ঘোষণা করে। অভিযোগে তিনি পোস্টাল ব্যালটে ভোট গণনাসহ বিভিন্ন কেন্দ্রে অনিয়মের কথা তুলে ধরেন। এ ছাড়া ভোটারদের মধ্যে ভীতি প্রদর্শনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লাঠিচার্জ করে জখম করার বিষয়টি তুলে ধরা হয়। তিনি দাবি করেন, প্রিসাইডিং অফিসারকে বের করে দিয়ে মনগড়া ফলাফল তৈরি করে তা প্রকাশ করা হয়েছে।

এদিকে, রাজশাহী-১ আসনের বিএনপির পরাজিত প্রার্থী শরীফ উদ্দীন লিখিত আবেদনে বলেছেন, ‘নির্বাচনে প্রায় ৮ হাজার ভোট বাতিল ঘোষণা করা হয়েছে। এত বিপুলসংখ্যক ভোট বাতিল হওয়ার পেছনে কী কারণ ছিল তা আমাদের কাছে অস্বাভাবিক ও প্রশ্নবিদ্ধ। ভোটের দিন কিছু কেন্দ্রে প্রিসাইডিং অফিসারদের ভূমিকা ছিল স্পষ্টত পক্ষপাতদুষ্ট। একই ইউনিয়ন বা এলাকার অন্যান্য কেন্দ্রে আমরা বিপুল ভোটে জয়ী হলেও কয়েকটি নির্দিষ্ট কেন্দ্রে অস্বাভাবিকভাবে ফলাফল পরিবর্তিত হয়েছে। এতে “নির্বাচনি ইঞ্জিনিয়ারিং”য়ের সুস্পষ্ট আলামত রয়েছে।’

আবেদন দুটি পেয়ে পরবর্তী করণীয় বিষয়ে নির্দেশনা চেয়ে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আফিয়া আখতার রাতেই নির্বাচন কমিশনের সিনিয়র সচিবের কাছে চিঠি পাঠিয়েছেন।

প্রসঙ্গত, ১ হাজার ৮৮৪ ভোটে পরাজিত হয়েছেন বিএনপির প্রার্থী শরীফ উদ্দীন। এখানে বিজয়ী হয়েছেন জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। আর ৫ হাজার ৭৬৫ ভোটে জামায়াত প্রার্থী ডা. আব্দুল বারীর কাছে পরাজিত হয়েছেন বিএনপির প্রার্থী ডিএমডি জিয়াউর রহমান। রাজশাহীর বাকি চারটি আসনে বিএনপির প্রার্থীরা জয়ী হয়েছেন।

  • আবেদন
  • ভোট গণনা
  • রাজশাহী
  • #